পুরোপুরি সচল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর
অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর বন্দরনগরী চট্টগ্রামের অচল বন্দর পূর্ণমাত্রায় সচল হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতের পালা থেকে বন্দরের জেটি ইয়ার্ডগুলোতে পণ্য হ্যান্ডলিংয়ের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে।
এর ফলে বন্দর সংরক্ষিত এলাকার মধ্যে সাধারণ পণ্য ও কনটেইনারবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের জট লেগে যায়। বন্দরের প্রতিটি জেটি ফটকে এসব পরিবহনের দীর্ঘ সারি পড়ে যায়। অবশ্য ডক শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বন্দরের অত্যাধুনিক বহুমুখী টার্মিনাল সিসিটি এখনও অচল রয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালেই বন্দর থেকে নগর অভ্যন্তরে পণ্য পরিবহনের সুযোগ করে দেয় ১৪ দল। তবে পণ্য সঞ্চালনের কার্যক্রম ছিল খুবই সীমিত আকারের।
বন্দরের ট্রাফিক বিভাগের সহকারি পরিচালক (জেটি ও ইয়ার্ড) মশিউর রহমান বেগ সন্ধ্যা ৭ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এখন সিসিটি ছাড়া বন্দরের সবকটি জেটি ও ইয়ার্ডে পণ্য পরিবহনের জন্য ট্রাক ও লরির মারাত্মক প্রতিযোগিতা চলছে।
বন্দর সূত্র জানায়, বন্দরের পণ্য ও জাহাজের তীব্র জট কমিয়ে আনতে শুক্রবার ও শনিবার সরকারী ছুটির দিনেও বন্দরের সকল কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
