২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের অবশিষ্ট শেয়ারও কিনছেন সৌদি যুবরাজ

রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার কেনার পর সরকারের মালিকানাধীন অবশিষ্ট ২৬ শতাংশ শেয়ারও কিনতে যাচ্ছেন সৌদি যুবরাজ বন্দর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা আকবর আলী খান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য মন্ত্রিসভাই উপযুক্ত কর্তৃপক্ষ।”

অন্তর্বর্তী প্রশাসনের সময়ে রূপালী ব্যাংকের অবশিষ্ট শেয়ার সৌদি যুবরাজের কাছে বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

তবে এখনও অবশিষ্ট শেয়ার বিক্রির প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হয়নি বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা এখনও আলোচনা করছি। অবশিষ্ট শেয়ার বিক্রির ব্যাপারে আরও কিছু বিষয়ে আলোচনা হওয়া দরকার।”

তবে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন করে কোনও আন্তর্জাতিক দরপত্র আহ্বান ছাড়া রূপালী ব্যাংকের অবশিষ্ট শেয়ার বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই বলেও ওই কর্মকর্তা জানান।

তিনি মন্তব্য করেন, “তত্ত্বাবধায়ক সরকার চাইলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।”

সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদ রূপালী ব্যাংকের অবশিষ্ট ২৬ শতাংশ শেয়ারের কেনার জন্য ১৩ কোটি ৪০ লাখ ডলারের প্রস্তাব দিয়েছেন। এর আগে আগস্টে নিলামে তিনি ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শেয়ার কিনে নেন ৩৩ কোটি ডলারে।

তবে খেলাপি ঋণসহ কিছু অমীমাংসিত বিষয়ের কারণে ক্রেতার কাছে ব্যাংকটি হস্তান্তরের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।