মার্কিন ডলারের দাম আবারও বাড়লো
মার্কিন ডলারের দাম আবারও বাড়ানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো সোমবার মার্কিন ডলারের বিনিময় হার গ্রাহকদের জন্য এক টাকা এবং আন্তঃব্যাংকগুলোর জন্য ৭০ পয়সা বাড়িয়েছে।
অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “রফতানিকারক এবং বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের উৎসাহিত করতে আমরা বিনিময় হার সংশোধন করেছি।”
বেসরকারি এবং বিদেশি ব্যাংকগুলোতে ডলারের যে বিনিময় হার রয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর নতুন নির্ধারিত হার তার চেয়ে তিন টাকা কম বলে তিনি জানান। তিনি বলেন, “ডলারের বিনিময় হারে ভারসাম্য আনতে একটি সংশোধন জরুরি ছিল।”
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ৭০ টাকা ৯৭ পয়সায় বিনিময় করে থাকে। এর আগে বিনিময় মূল্য ছিল ৬৯ টাকা ৯৭ পয়সা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মার্কিন ডলারের ক্রয়মূল্য বাড়িয়ে রোববার ৬৮ টাকা ৯৭ পয়সা থেকে ৬৯ টাকা ৯৭ পয়সা করেছে।
আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের বিনিময় হার আগের ৬৯ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে রোববার ৭০ টাকা করে। তারা রোববার ডলারের বিনিময় হার আন্তঃব্যাংকগুলোর ক্ষেত্রে দশমিক ২০ টাকা বাড়িয়ে দেয়।
তবে অধিকাংশ ক্ষেত্রে আন্তঃব্যাংকের নিু পর্যায়ের লেনদেনের ক্ষেত্রে ডলারের বিনিময় হার রোববার ৭০ টাকা থেকে ৭২ টাকা ৯৫ পয়সা এবং ৬৯ টাকা ৩০ পয়সা থেকে ৭২ টাকা ৯৫ পয়সার মধ্যে থাকায় তেমন কোনও পরিবর্তন দেখা যায়নি।
এদিকে বেসরকারি এবং বিদেশী ব্যাংকগুলোও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংগুলোর অনুসরণে আমদানিকারকদের জন্য ডলারের বিনিময় হার বাড়িয়েছে। তারা আমদানিকারকদের কাছে ৭৩ টাকা ৯৫ পয়সা থেকে ৭৪ টাকা ৫ পয়সায় ডলার বিক্রি করে।
সেপ্টেম্বর থেকেই টাকার বিপরীতে ডলার জোরালো অবস্থান নিতে থাকে। অক্টোবরে বৈদেশিক মুদ্রার প্রবাহে ঘাটতি এবং ১৪ দলের লাগাতার অবরোধ কর্মসূচির কারণে রফতানি ব্যাহত হওয়া ও আমদানি বেড়ে যাওয়ায় গত সপ্তাহে ডলারের বিনিময় হার চরমে উঠে।
