২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি নিয়ে আলোচনায় আশাবাদী ডিএসইতে লেনদেন চাঙ্গা

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের প্রতিনিধি দল পাঠানোর খবরে রাজনৈতিক সঙ্কট কেটে যাওয়ার আশা দেখা দেওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়েছে ডিএসইতে। সোমবার দুপুর পর্যন্ত ডিএসই এর লেনদেনে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এছাড়া এসইসির চেয়ারম্যান ও সদস্যের পুনর্বহালের খবর আশ্বস্ত করেছে বিনিয়োগকারীদের। উল্লেখ্য, বৃহস্পতিবার এদের চুক্তি বাতিল করা হলেও রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের আবারও চাকরিতে বহাল করা হয়।

সকাল ১১টা ৩৮ মিনিটে ডিএসইর সার্বিক শেয়ারসূচক ১১ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক নয় শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৪১ দশমিক ১৫ এ।

সাধারণ শেয়ারসূচক ছিল ১৪৯৯ দশমিক ৮২ যা আগের দিনের তুলনায় ১০ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ বাড়ে।

ওই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি সাড়ে ৬৭ লাখ টাকা। অন্যদিকে রোববার সারাদিনে লেনদেন হয় ৩০ কোটি ৮১ লাখ টাকা।

লেনদেনকৃত শেয়ারের মধ্যে ৬৯টির দাম বাড়ে, আটটির দাম কমে এবং পাঁচটির দাম ছিল অপরিবর্তিত।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পিজিসিবি, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, নিটোল টিউবস ও উসমানিয়া গ্লাসের শেয়ার।

এর মধ্যে প্রথম দুটি কোম্পানি ভালো পরিমাণে ডিভিডেন্ড দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়।

নিটোল ও উসমানিয়া যথাক্রমে ৬০ ও ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। এ ছাড়া নিটোল এর অনুমোদিত মূলধনের পরিমাণ সাত কোটি থেকে ২৫ কোটিতে বাড়ানোর লক্ষ্যে বর্ধিত সাধারণ সভার ঘোষণা দেয়। এরপর তাদের শেয়ারের দাম বাড়ে।

তবে উসমানিয়ার শেয়ারের দাম কমে যায়।

অন্যদিকে এটলাস বাংলাদেশ ৮৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। এ ছাড়া তারা ২০০৫-০৬ সালের জন্য প্রতি তিনটি শেয়ারে একটি করে বোনাস শেয়ার ঘোষণা করে।

সকাল ১১টা ১৯ মিনিট পর্যন্ত শেয়ারের দাম বাড়ার তালিকায় ছিল হাইডেলবার্গ সিমেন্ট, সিটি ব্যাংক, এটলাস বাংলাদেশ ও এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড।