২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতা জাতীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ

মাত্র দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় অবরোধ কর্মসূচির কারণে দেশে নতুন করে যে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে তা অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনবে বলে রোববার সতর্ক করে দিয়েছেন অর্থনীতিবিদরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

২০০৫-২০০৬ অর্থবছরে জিডিপিতে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের বছরে জিডিপি ছিল ৬ শতাংশ। ২০০৬-২০০৭ অর্থবছরে জিডিপি লক্ষ্যমাত্রা ৬ দশমিক ২ শতাংশ হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা নেমে আসতে পারে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, প্রতিদিনের প্রবৃদ্ধির ওপর নির্ভর করে জিডিপির প্রবৃদ্ধি। একদিনের আর্থিক ক্ষতিও জিডিপির প্রবৃদ্ধি কমিয়ে দেবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।”

অধ্যাপক আতিয়ার রহমান বলেন, “গত কয়েক বছরে অর্থনীতি ও সামাজিক খাতে আমরা যে অগ্রগতি অর্জন করেছিলাম বর্তমান পরিস্থিতির কারণে তা ক্ষতিগ্রস্ত হবে।”

গত দুই অর্থবছরে জিডিপিতে (মোট জাতীয় উৎপাদন) ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রপ্তানিমুখী শিল্প খাত সম্প্রসারিত হওয়ার ফলে তা অর্জিত হয়েছে। গত অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬ শতাংশ।

সেবাখাত এবং বৈদেশিক মুদ্রার প্রবাহও জিডিপি খাতে প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়েছে।

কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অবরোধ কর্মসূচির কারণে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতির কারণে সকল সাফল্য বাধাগ্রস্ত হয়ে পড়ছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ১১ দফা দাবি বাস্তবায়নে তত্ত্বাবধায়ক সরকারকে বেধে দেওয়া তৃতীয় দফা সময়সীমাও রোববার শেয়ে হয়ে গেছে।

আতিয়ার রহমান বলেন, “আমরা একটি দুর্যোগের মধ্যে পড়তে যাচ্ছি।” মুদ্রাস্ফীতির চাপ গরীব মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে বলে তিনি জানান।

রাজনৈতিক পরিস্থিতির কারণে রপ্তানি, বিনিয়োগ এবং রাজস্ব আয়ও কমে যাবে বলে তিনি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে বলে আতিয়ার রহমান অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান বলেন, যে রাজনৈতিক পরিস্থিতির দেশকে আঁকড়ে ধরেছে তাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা কত তাড়াতাড়ি এই সংঘাতের রাজনীতি এবং আরও অর্থনৈতিক ক্ষতি থেকে মুক্তি পাচ্ছি সেটাই এখন প্রশ্ন।”

অর্থনীতিবিদ খলিকুজ্জামান অবশ্য এটাও বলেছেন, “বৃহত্তর এবং দীর্ঘস্থায়ী স্বার্থের দিকে লক্ষ্য করে অর্থনৈতিক ক্ষতি মেনে নেওয়া যেতে পারে।”