২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণের তথ্য না পাওয়ায় সম্যাসায় পড়েছে ব্যাংকগুলো

গ্রাহকদের ঋণ সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘসুত্রিতার কারণে ব্যাংকগুলো ঋণ অনুমোদনের ক্ষেত্রে সমস্যায় পড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ব্যাংক সুত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ঋণের আবেদনকারী কোনও ব্যক্তির পুর্ববর্তী ঋণ সংক্রান্ত তখ্য দিতে ১৫ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। যদিও তিন দিনের মধ্যে তা দেওয়ার কথা।

নিয়মানুযায়ী খেলাপিদের ঋণ প্রদান থেকে বিরত থাকার জন্য কোনও ব্যক্তির ঋণের আবেদন মঞ্জুর করার আগে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সিআইবি থেকে ওই ব্যক্তির পুর্ববর্তী ঋণ পরিশোধ সংক্রান্ত তথ্য নিতে হয়।

সিআইবির সঙ্গে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জানান, সিআইবি থেকে তথ্য পেতে তাদের সাত থেকে দশ দিন অপেক্ষা করতে হয়। কোনো কোনো সময় এটি ১৫ দিন পর্যন্ত গড়ায়।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশের চেয়ারম্যান এম আমিনুজ্জামান বলেন, “ঋণ সংক্রান্ত তথ্য আমাদের খুব দ্রুত দরকার। সিআইবির উচিত তিনদিনের মধ্যে এ তথ্য দেওয়া। তিনদিনের বেশি সময় নিলে ঋণ মঞ্জুরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের অসুবিধা হয়।”

তিনি বলেন, “সিআইবির তথ্য ইন্টারনেটের মাধ্যমে আমাদের কাছে পাঠানো উচিত।”

দেরি হওয়ার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমাদের এখন অনেক বেশি তথ্যের আবেদন ফর্ম সামাল দিতে হয়। যখন আমাদের কাছে ৩০০ ফর্ম আসত তখন আমরা তিনদিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন ফর্মের সংখ্যা ২ হাজার ৫০০ তে গিয়ে ঠেকেছে। যে কারণে আমাদের দেরি হচ্ছে।”

তিনি বলেন, “তবে তথ্য প্রদানের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান সম্ভব হবে।”

বর্তমানে ৪৮ টি ব্যাংক ও ২৮ টি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণের ব্যাপারে তথ্য নিয়ে থাকে।