২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর ডিএসইতে লেনদেন শুরু, বাজার চাঙ্গা

চৌদ্দ দলের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের আশা নিয়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

অবরোধের কারণে কোরাম সঙ্কট থাকায় রবি ও সোমবার ডিএসইতে কোনো লেনদেন হয়নি। তবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার পরপরই বাজারে চাঙ্গা ভাব ছিল লক্ষণীয়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ডিএসইর লেনদেনে চাঙ্গা ভাব ফিরিয়ে আনে।

বাজার বিশ্লেষক ও এআইএমএস অব বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ তত্ত্বাবধায়ক সরকারের আলোচনার উদ্যোগের প্রতি ইঙ্গিত করে বলেন, “পুঁজিবাজারে ভালো অবস্থায় আছে, বড় সংখ্যক শেয়ারধারী এমন কোম্পানিগুলো মঙ্গলবার লাভের মুখ দেখেছে।”

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক অচলাবস্থা নিরসনের ব্যাপারে আশাবাদী।

মঙ্গলবার ডিএসইর সার্বিক শেয়ারসূচক ছিল ১২৬৬ দশমিক শূন্য সাত যা বৃহস্পতিবারের তুলনায় ৩১ দশমিক ৮১ পয়েন্ট বা দুই দশমিক ৫৭ শতাংশ বাড়ে।

সাধারণ শেয়ারসূচক ছিল ১৫০৬ দশমিক শূন্য আট যা ছিল আগের দিনের তুলনায় ৩০ দশমিক ৫৩ পয়েন্ট বা দুই দশমিক শূন্য ছয় শতাংশ বেশি।

ডিএসই-২০ এর সূচক ১৮ দশমিক ৮৭ পয়েন্ট বা এক দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৩০৭ দশমিক ২০ এ।

তবে লেনদেনের পরিমাণ কমে দাঁড়ায় ২৫ কোটি সাত লাখ ২০ হাজার টাকায়। বৃহস্পতিবার তা ছিল ৫৯ কোটি ১২ লাখ টাকা।

ডিএসইভুক্ত ১১৩টি কোম্পানির শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী, ২০টি নিুমুখী এবং ১৮টির দাম ছিল অপরিবর্তিত।

শেয়ার লেনদেনের ক্ষেত্রে পিজিসিবির পরেই ছিল রূপালী ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্ট।

পিজিসিবির শেয়ারের দাম ছয় দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮৫ দশমিক ৭৫ টাকায়। এর তিন লাখ ৩৫ হাজার ২০০টি শেয়ার বিক্রি হয় ছয় কোটি ২২ লাখ ৫০ হাজার টাকায়।

সৌদি যুবরাজ কিনছেন, এই খবরে রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ে। হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দামও বাড়ে।

এছাড়া যেসব কোম্পানির শেয়ারের দাম বাড়ে সেগুলোর মধ্যে ছিল আরামিট সিমেন্ট ও অগ্নি সিস্টেমস লিমিটেড।

তবে যেসব কোম্পানি সবচেয়ে বেশি লোকসান দেয় সেগুলোর মধ্যে ছিল নর্দান ইন্ডাস্ট্রিজ, ডাইনামিক টেক্সটাইল ও কেয়া ডিটারজেন্ট।