২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ সত্ত্বেও চাঙ্গা সিএসই, ডিএসই লেনদেন শূন্য

চৌদ্দ দলীয় জোটের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সোমবারও চট্টগ্রাম শেয়ার বাজারে (সিএসই) ছিল চাঙ্গা। অবরোধের প্রথম দিনেও সিএসইর শেয়ারসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রাজনৈতিক সঙ্কট সমাধানের আশা নিয়ে সিএসইতে বিনিয়োগকারীরা ভিড় জমালেও কোরাম সঙ্কটের কারণে দ্বিতীয় দিনের মতো ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) লেনদেন হয়নি।

দিন শেষে সিএসইর সার্বিক শেয়ারসূচক দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৫৩৮ দশমিক ৯০ এ।

সিএসই-৩০ আগের দিনের চেয়ে দশমিক শূন্য ৬৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩০৯১ দশমিক শূন্য চার এ।

সিএসইর নির্বাচিত কোম্পানিগুলোর শেয়ারসূচক দশমিক ৫৪ শতাংশ বেড়ে ২২৭৩ দশমিক ৯১ এ দাঁড়ায়।

দিন শেষে সিএসইর লেনদেনের পরিমাণ দাঁড়ায় নয় কোটি ২১ লাখ টাকায়। আগেরদিন তা ছিল দুই কোটি ৫৬ লাখ টাকা।

সোমবার সিএসইর মোট লেনদেনকৃত ৭৬টি কোম্পানির মধ্যে ৫২টির দাম বাড়ে, ১৭টির দাম কমে এবং সাতটির দাম ছিল অপরিবর্তিত।

সিএসইর এ ঊর্ধ্বমুখীনতার পেছনে রাজনৈতিক সঙ্কট নিরসন প্রশ্নে বিনিয়োগকারীদের আশাবাদ কাজ করেছে বলে মন্তব্য করেছেন এর প্রধান নির্বাহী এবি সিদ্দিক।

তিনি বলেন, “তারা সম্ভবত ভালো কোনো খবরের অপেক্ষা করছেন।”

দেশের মূল শেয়ার বাজার ডিএসইতে লেনদেন না হওয়ায় পুঁজিবাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, দুই শেয়ার বাজার ম্বতন্ত্রভাবে পরিচালিত হয় বলে এক্ষেত্রে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

তবে তার সাথে দ্বিমত পোষণ করে ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, এক্ষেত্রে শেয়ারের দামে কারচুপি করার সুযোগ থেকে যায়। পুঁজিবাজারে যথেষ্ট সংখ্যক বিনিয়োগকারী না থাকলে হাতে গোণা কয়েকজন বাজারের ওপর প্রভাব বিস্তার করতে পারে। সে কারণেই আমরা কোরাম ব্যবস্থা চালু করেছি।

ডিএসইতে লেনদেনের জন্য ৭০ থেকে ৭৮ জন সদস্যের উপস্থিতির প্রয়োজন থাকলেও সোমবার মাত্র ৫১ জন উপস্থিত ছিল। রোববার উপস্থিত ছিল ৬০ জন। ফলে দ্বিতীয় দিনের মতো ডিএসইতে লেনদেন হয়নি।