সোনার দাম বেড়েছে
বিশ্বের অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ায় সোমবার সোনার দাম বেড়েছে। গত দুই মাস ধরে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ৬৩৬ ডলারের আশেপাশে অবস্থান করছিল।
শুক্রবার এর দাম বেড়ে দাঁড়ায় ৬৩৬ দশমিক ৫০ ডলারে। তবে দিন শেষে নিউইয়র্কে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়ায় ৬২৭/৬২৮ ডলারে।
রোববার সারাদিনে সোনার দাম সর্বোচ্চ ৬৩২ দশমিক ৪০ ডলারে পৌঁছলেও লন্ডনে বিকেল নাগাদ ছিল ৬২৯ দশমিক ৩০ ডলার।
পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর ঝাউ জিয়াওচুয়ান তার দেশের বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ এক লাখ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করার পর ডলার চাপের মধ্যে পড়ে।
তবে বিশ্লেষকরা বলছেন সোনা ডলারে কেনা-বেচা হওয়ায় ডলার দুর্বল হলে সোনার দামও কমে যাবে। এর ফলে অন্য দেশগুলো কম দামে সোনা কিনে মজুত করতে পারবে।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের ভোগ্যপণ্য বিষয়ক বিশ্লেষক টোবিন গোরে বলেন, ডলারের দাম যতো কমবে সোনার বাজারের জন্য তা ততোটাই ভালো সংবাদ বয়ে আনবে।
মে মাসের মাঝামাঝি সোনার দাম ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ ৭৩০ ডলারে পৌঁছে। তবে অক্টোবরের প্রথম দিকে এর দাম চার মাসের মধ্যে সবচেয়ে কমে দাঁড়ায় ৫৫৯ ডলারে।
গোরে আরও বলেন, সোনার দাম ৬৩৬ থেকে ৬৩৭ ডলারে ওঠানামা করলেও ডলার আরও দুর্বল হলে এর দাম আউন্স প্রতি ৬৪০ ডলার পর্যন্ত উঠতে পারে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের পর সোনার দাম সর্বোচ্চে পৌঁছাবে।
গত সপ্তাহে অন্যান্য ধাতব পণ্য, যেমন রূপা, প্লাটিনামের দাম আগের সপ্তাহের তুলনায় কমে গেলেও নিউইয়র্কের চেয়ে বেশি ছিল।
শুক্রবার রূপার দাম প্রতি আউন্সে ১৩ দশমিক শূন্য ছয় ডলার থেকে ১৩ দশমিক ১৩ ডলারে ওঠানামা করে। তবে নিউইয়র্কে এর দাম ছিল ১২ দশমিক ৯৯ ডলার থেকে ১৩ দশমিক শূন্য ছয় ডলার। শুক্রবার সকালে অবশ্য এর দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ ১৩ দশমিক ১৪ ডলারে পৌঁছে।
আর প্লাটিনামের দাম ছিল আউন্স প্রতি ১২০৮ থেকে ১২১৩ ডলার। নিউইয়র্কে এর দাম ছিল ১২০৬ থেকে ১২১২ ডলার। গত সপ্তাহে এর দাম সর্বোচ্চ ১২২৭ ডলারে পৌঁছে।
