উন্নয়ন সহায়তা ঋণের কিস্তি হিসেবে ১০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক
সব শর্ত পুরণে ব্যর্থ হওয়ায় বিশ্ব ব্যাংক বাংলাদেশকে দেয় উন্নয়ন সহায়তা ঋণের চতুর্থ কিস্তির মাত্র ১০ কোটি মার্কিন ডলার (৬৭০ কোটি টাকা) ছাড় দিতে সম্মত হয়েছে।
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিকের নেতৃত্বে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সংস্থাটির এক প্রতিনিধি দলের সাথে সভা শেষে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলী খান সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক প্রশাসনের পক্ষে বাদবাকি শর্ত পূরণ করা সম্ভব নয়”।
খান বলেন, ওয়াশিংটনভিত্তিক বহুমুখী ঋণদান প্রতিষ্ঠানটি চতুর্থ কিস্তির ঋণের ২০ কোটি মার্কিন ডলারের মধ্যে সম্পূর্ণ পরিমাণ অর্থ ছাড় করেনি। কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার এই অর্থ খুব সহজেই ব্যবহার করতে পারবে।
এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দারিদ্য বিমোচনে প্রবৃদ্ধিগত সহায়তা কর্মসূচির ষষ্ঠ কিস্তির অংশবিশেষ ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে।
খান আরও বলেন, শুধুমাত্র ঋণ কর্মসূচির বিষয়ে দাতাদের সাথে পূর্ববর্তী সরকারের নেওয়া নীতিগত সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করবে।
ঋণ ছাড়াও বাংলাদেশ বিমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জন্য বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বিশ্ব ব্যাংক বাংলাদেশ বিমানের বিষয়ে ইতোমধ্যেই কিছু প্রাথমিক কাজ করেছে এবং দ্রুত একটি পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিতে সম্মত হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তাবটি গ্রহণ করা হলে বিশ্ব ব্যাংক বাংলাদেশ বিমানকে কৌশলগত ও আর্থিক উভয় ক্ষেত্রে সহায়তা দেবে।
এখন যেভাবে চালানো হচ্ছে সেভাবে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি চলতে পারবে না বলেও সাবেক আমলা খান বলেন।
তিনি বলেন, লোকসানের পরিমাণ এতোই বেশি যে প্রতিষ্ঠানটির ব্যাপারে কোন কিছু করা উচিত।
