হাসিনার সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক
ভোটার তালিকাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন সোমবার ।
কমনওয়েলথের রাজনৈতিক বিষয়ক শাখার এশিয়া বিষয়ক বিশেষ উপদেষ্টা সৈয়দ শরফুদ্দিন নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল হাসিনার বাসভবন সুধাসদনে বিকেলে তাঁর সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিনিধি দলের অপর সদস্য রাজনৈতিক কর্মকর্তা জুলি এরাডটেন্টও উপস্থিত ছিলেন ।
বৈঠক শেষে শরফুদ্দিন বলেন, “আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে নির্বাচন ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। এসব আলোচনার ভিত্তিতে আমরা কমনওয়েলথ মহাসচিবের কাছে একটি প্রতিবেদন পাঠাবো।”
তিনি বলেন, “এ প্রতিবেদনের ভিত্তিতে কমনওয়েলথ মহাসচিব নির্বচন পর্যবেক্ষন সম্পর্কে আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন।”
বৈঠক শেষে হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ভোটার তালিকাসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি কমনওয়েলথ পর্যবেক্ষক মিশনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মিশনকে যদি আসতেই হয়, তবে তাদের দ্রুত আসা উচিত বলে আমরা জানিয়েছি।”
তিনি আরো বলেন, নির্বাচন একটি সামগ্রিক প্রক্রিয়া। তাই শুধু নির্বাচনের দিনই নয়, বরং সামগ্রিক পরিবেশও পর্যবেক্ষন করা উচিত।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আবুল হোসেন, এইচটি ইমাম ও জিয়া উদ্দিন।
সাবের হোসেন বলেন, শেখ হাসিনার সঙ্গে একঘন্টার বৈঠকের পর আওয়ামী লীগ নেতারা বিশেষ করে বিএনপি-জামায়াত নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর যে অপকৌশল চালাচ্ছে তা তুলে ধরেন।
ভোটার তালিকা নিয়ে তিনি বলেন, বর্তমান তালিকায় প্রায় দেড় কোটি ভুয়া ভোটার যুক্ত করা হয়েছে। অন্যদিকে অনেক ভোটার তালিকাভুক্ত হননি।
তিনি বলেন, আমাদের সব দাবি মেনে নিলেও যারা প্রকৃত ভোটার তারা যদি সুষ্ঠুভাবে ভোট দিতে না পারে, তবে সামগ্রিকভাবে এ নির্বাচন অর্থবহ হবে না।
