২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতায় শেয়ার বাজারে মন্দা অব্যাহত

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করায় রোববারও শেয়ার বাজারে মূল্যসূচকের পতন অব্যাহত ছিল। আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট দীর্ঘদিন ধরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 10:12 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বাজার বিশ্লেষক মইন আল কাশেম বলেন, “এটা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ফল। বাজার পরিস্থিতি খারাপ হবে জানতাম, কিন্তু এতটা হবে ভাবিনি।”

তিনি বলেন, নভেম্বরের ১২ তারিখ ১৪ দল অবরোধের হুমকি দিলেও প্রধান নির্বাচন কমিশনার পদ আঁকড়ে থাকার ব্যাপারে অনড় রয়েছেন। এ সংক্রান্ত সংবাদের পর কোনও বিনিয়োগকারীই দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না।

আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেয়ার বাজারের অবস্থা ভালো ছিল বলে উল্লেখ করে কাশেম বলেন, “ডিএসইর লোকসান অব্যাহত আছে। রাজনৈতিক সংকট না কাটা পর্যন্ত এ অবস্থা চলতে পারে।”

আগের সপ্তাহের পতনের ধারাবাহিকতায় ডিএসইর সব শেয়ারের মূল্যসূচক ৩৩ দশমিক ৯৫ পয়েন্ট অথবা ২ দশমিক ৬৫ শতাংশ নেমে রোববার ১ হাজার ২৪৬ দশমিক ৪২২ এ দাঁড়ায়। বৃহস্পতিবারের তা ছিল ১ হাজার ২৮০ পয়েন্ট।

ডিএসইর সাধারণ মূল্যসূচক ১ হাজার ৫৩১ দশমিক ৬৯ থেকে ২ দশমিক ৬০ শতাংশ বা ৩৯ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৯১ দশমিক ৭৪ পয়েন্টে নেমে আসে।

ভালো মানের শেয়ারের সূচকও ১১ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে ১ হাজার ২৯৭ দশমিক ৩৩ পয়েন্টে এ দাঁড়ায়।

ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান জানান, রাজনৈতিক সংকটের কারণে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমে গেছে।

তিনি বলেন, “বাজারের প্রথমিক অবস্থা ভালো। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের হতাশ করেছে।”

পরপর দ্বিতীয় দিনেও বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম।

শেয়ার বাজারের মোট লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। লেনদেনের এ পরিমাণ ছিল বৃহস্পতিবারের তুলনায় বেশি। বৃহস্পতিবারে মোট লেনদেন ছিল ২৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা।

মোট লেনদেনের মধ্যে ২৬ টি শেয়ারের দাম বেড়েছে, ১৫২ টির দাম কমেছে এবং ১৭ টির দাম ছিল অপরিবর্তিত।

কোম্পানি মূল্য সংবেদনশীল তথ্য গোপন করেনি-এ তথ্য বাজারে আসার পর রোববার ইউসিবিএল শেয়ার লেনদেনের দিক থেকে ছিল শীর্ষে । তাদের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। স্কয়ারের অবস্থান ছিল দ্বিতীয় স্থানে। অর্ধবার্ষিক প্রতিবেদন (অনিরীক্ষিত) প্রকাশের ফলে ভালো মানের স্কয়ার ফার্মার শেয়ারের সূচক দশমিক ৩৪ শতাংশ বেড়ে যায়।

বেক্সটেক্স, সামিট পাওয়ার, ডেসকো, রূপালী ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এনবিএল, এবি ব্যাংক এবং পূবালী ব্যাংকের শেয়ারের দাম কমেছে।

শেয়ার বাজারে দুলা মিয়া কটন, এম হোসেন গার্মেন্টস, টিউলিপ ডায়েরি লাভজনক কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল। সবচেয়ে বেশি লোকসান দেওয়া কোম্পানিগুলো হচ্ছে চিটাগাং ভেজিটেবলস, র‌্যাসপিট ইনকোরপোরেট (বিডি) এবং ফুয়াং ফুড।