২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুপালী ব্যাংক হস্তান্তর নিয়ে সোমবার বেসরকারীকরণ কমিশনের বৈঠক

সৌদি যুবরাজ প্রিন্স বন্দর বিন মুহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদের কাছে রাষ্টায়ত্ত রুপালী ব্যাংকের ৬৭.২৬ শতাংশ শেয়ার হস্তান্তরের একটি চূড়ান্ত দিন নির্ধারণের জন্য সোমবার বেসরকারীকরণ কমিশন বৈঠকে বসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এর আগে সর্বোচ্চ দরদাতা হিসেবে সৌদি যুবরাজ ৩৩০ মিলিয়ন মার্কিন ডলারে ব্যাংকটির অধিকাংশ শেয়ার কিনে নেন।

বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, সৌদি যুবরাজের কাছে ব্যাংকটি হস্তান্তরের চূড়ান্ত দিন নির্ধারণের জন্যই এই বৈঠক বসছে। পদত্যাগের আগে এটাই হবে তার শেষ কাজ।

২০০১ সালের ১৫ নভেম্বর দায়িত্ব নেওয়া ইনাম আহমেদ গত ২ নভেম্বর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে পদত্যাগের প্রস্তাব দেন।

তিনি বলেন, “রাষ্ট্রপতির কার্যালয় আমার পদত্যাগপত্র গ্রহণ করতে সম্মত হয়েছে এবং আমাকে রুপালী ব্যাংক হস্তান্তরের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে।”

চৌধুরী বলেন, শুধুমাত্র অবসর নেওয়া কর্মকর্তা-কর্মচারিদের জন্য একটি পেনশন স্কিম প্রণয়ন, অনাদায়ী ঋণের পরিমাণ নির্ধারণ এবং মূলধন পুনর্গঠন ছাড়া সকল কাজই তিনি শেষ করে ফেলেছেন।

অর্থ উপদেষ্টা আকবর আলী খানের সঙ্গে তার আলোচনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় অবসর ভাতার বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে এবং অনাদায়ী ঋণ ও ব্যাংকটির পুনর্গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র জানায়, সৌদি যুবরাজ এবং সরকারের প্রতিনিধি ওই বৈঠকে অংশ নেবেন।

তিনি বলেন, সরকার অনাদায়ী ঋণের দায়িত্ব বহন এবং ব্যাংকটি পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ প্রদান করবে।

ব্যাংকটির বাদবাকী শেয়ার কেনার জন্য সৌদী যুবরাজের ইচ্ছার বিষয়ে চৌধুরী বলেন, তার দপ্তর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর সরকারের পক্ষে ১২ সদস্যের একটি আলোচক দল এবং সৌদি যুবরাজ ‘বিক্রয় ও ক্রয়’ চুক্তি সাক্ষর করেন।

বেসরকারীকরণ কমিশন ৩১ অক্টোবর পরীক্ষা-নিরীক্ষার জন্য খসড়া চুক্তিটি আইন মন্ত্রণালয়ে এবং মন্তব্যের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যাংকটির অধিকাংশ শেয়ার ক্রয়ের জন্য সৌদি যুবরাজের প্রস্তাব গত ৫ অক্টোবর অনুমোদন করেন।