সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রশ্নে দ্বিমত পোষণ করছেন ব্যবসায়ীরা
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠা আকবর আলী খানের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রশ্নে দ্বিমত পোষণ করছেন ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
দেশের অন্যতম ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালনা পরিচালক তারিক আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, নিরপেক্ষভাবে বাজার যাচাই না করে দাম বাড়লেই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ করা তত্ত্বাবধায়ক উপদেষ্টার উচিত নয়।
অর্থ মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আকবর বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ার জন্য সিন্ডিকেট দায়ী।
তিনি বলেন, এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
কিন্তু তারিক আহমেদ বলেন, ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেটের কোন অস্তিত নেই।
তিনি বলেন, গত তিন সপ্তাহে আন্তজার্তিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে গেছে। তাই টনপ্রতি আমদানি মূল্য প্রায় ৭০ ডলার বেড়ে ৬৫০ ডলারে দাঁড়িয়েছে। ফলে দেশের বাজারে এখনো না পড়লেও আগামীতে এর প্রতিক্রিয়া পড়তে পারে।
গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম মনপ্রতি বেড়েছে ১৫০ টাকা। গত সপ্তাহে পাইকারি বাজারে এক মন সয়াবিন তেলের দাম ছিলো ১৯০০ টাকা।
যদিও শুক্রবার সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় যে সয়াবিন তেলের দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পড়েনি।
ঢাকার খুচরা বাজারের বিক্রেতারা আশংকা করছেন, আগামী কয়েক দিনের মধ্যে সয়াবিন তেল দাম বেড়ে যেতে পারে।
ঢাকার কারওয়ান বাজারসহ কয়েকটি পাইকারি বাজার শুক্রবার ঘুরে দেখা যায়, ঈদ ও অবরোধের কারণে গত সপ্তাহে বাজারে বিভিন্ন পণ্যের সরবরাহে ঘাটতি থাকায় যে অস্থিতিশীলতা বিরাজ করছিল বৃহস্পতিবার থেকে তা স্বাভাবিক হয়ে এসেছে। তারপরও আটা, আলু ও পেঁয়াজসহ বেশ কিছু পণ্যের দাম কমেনি। তবে কমেছে কাঁচামরিচসহ বেশ কিছু কাঁচা পণ্যের দাম।
বাজারে সাধারণ ক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দ্রব্যমূল্যের দাম কমবে বলে তারা আশা করছেন।
হাতিরপুল বাজারে কাঁচাপণ্য ক্রেতা ঢাকা কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামিম সিদ্দিকি আকবার আলীর বক্তব্যকে স্বাগত জানান।
তিনি বলেন, আমরা আশাবাদী তত্ত্বাবধায়ক সরকার আগামী কয়েকদিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।
ঈদের পর ঢাকার খুচরা বাজারে আটা কেজি প্রতি ৩ টাকা বেড়ে ২৫ টাকা এবং আলু ২ টাকা বেড়ে কেজি প্রতি ২৩/২৪ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে পেঁয়াজের দামও উর্ধ্বমূখী।
বাজারে নতুন মওসূমী সবজি সিম উঠতে দেখা গেলেও তা কেজি প্রতি তা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৫০ টাকায়।
কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, পাইকারী বাজারে কেজি প্রতি করলা ২৪ টাকা, কাঁচা মরিচ ৭৫ টাকা, টমেটো ৪৫ টাকা এবং পটল ১৩ টাকায় বিক্রি হচ্ছে।
