২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকের উপস্থিতির অভাব, চালু হয়নি অনেক গার্মেন্টস

তৈরি পোশাক খাতে মালামাল পরিবহন ও শ্রমিকের উপস্থিতির অভাবের কারণে রোববার রপ্তানিমূখী অনেক কারখানা চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

অনুসন্ধানে জানা যায়, বৃহত্তর ঢাকায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে যে সব প্রতিষ্ঠানের তৈরি পোশাক রপ্তানি করার কথা, রোববার শুধু এমন শতাধিক প্রতিষ্ঠান চালু ছিল।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে, ঈদের ছুটির পর রোববার থেকে তৈরি পোশাক কারখানাগুলোর পুরোদমে চালু হওয়ার কথা ছিল।

তবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্র জানায়, চলমান রাজনৈতিক সংকটের কারণে কোন পোশাক কারখানায় এখন পর্যন্ত হামলার ঘটনা ঘটেনি।  সংকটেও পড়েনি রোববার চালু হওয়া কোন পোশাক কারখানা।

এদিকে বিজিএমইএ সূত্র জানায়, চট্রগ্রাম বন্দর চালু রাখা ও ঢাকা-চট্রগ্রাম সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিএমইএ সভাপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য দুইদিন আগে সময় চাইলেও রাষ্ট্রপতি ভবন থেকে এখনো এ ব্যাপারে কোন কিছু জানানো হয়নি।

বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক বলেন, চট্রগ্রাম বন্দরসহ সারা দেশের পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ায় একদিকে যেমন মাল পরিবহন করা সম্ভব হচ্ছে না, অন্যদিকে শ্রমিকরাও ঈদের ছুটি শেষে কারখানাগুলোতে উপস্থিত হতে পারছেন না।

তিনি বলেন, এ কারণে যে সব কারখানা খোলা হয়েছে, সেখানে শ্রমিক উপস্থিতি  অত্যন্ত কম। 

ঢাকার তেজগাঁও এলাকায় সাবেক বিজিএমইএ সভাপতি টিপু মুন্সীর মালিকানাধীন সীপাল গ্র“পের কারখানাসহ বেশ কয়েকটি কারখানা চালু ছিল। এছাড়া গাজীপুর ও উত্তরা এলাকাতেও চালু ছিল বেশ কিছু কারখানা।

এদিকে বিজিএমইএ সাবেক সভাপতি আনিসুল হক রোববার  কে বলেন, রাজনৈতিক সংকট দ্রুত সমাধান হওয়া উচিত। অন্যথায় তৈরি পোশাক খাতে এর ভয়াবহ প্রতিক্রিয়া পড়বে।

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলনের সময়ে কয়েক শ’ পোশাক কারখানা রুগ্ন হয়ে পড়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় কারখানাগুলো চালু করা সম্ভব হবে না। এর ফলে নতুন মওসুমের অর্ডারগুলো বিদেশী ক্রেতারা কমিয়ে দিতে পারে।

এদিকে সীপাল গ্র“পের কারাখানায় কর্মরত এক কর্মকতার সঙ্গে আলাপ করে জানা যায়, আগামী সপ্তাহে যে সব প্রতিষ্ঠানের মালামাল পাঠাতে হবে, সে সব প্রতিষ্ঠান চালু রয়েছে।

বিজিএমইএ সূত্র জানায়, চট্রগ্রাম বন্দর বন্ধ থাকার কারণে শুধুমাত্র তৈরি পোশাক শিল্পে দৈনিক ক্ষতি হচ্ছে ২০০ কোটি টাকা ।