২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই-সেপ্টেম্বরে গ্রামীণফোনের প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ

চলতি বছর জুলাই--সেপ্টেম্বর মাসে ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে গ্রামীণফোন। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ বেড়েছে ১৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বৃহস্পতিবার গ্রামীণফোনের এক বিবৃতিতে একথা জানানো হয়।

জুলাই--সেপ্টেম্বর মাসে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়েছে নয় লাখ ৪৫ হাজার। ফলে এর মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ লাখ চার হাজার। এর ৯৫ শতাংশই প্রিপেইড সংযোগধারী।

গ্রামীণফোন বর্তমানে দেশের মোবাইল ফোন বাজারের ৬৩ শতাংশের অংশীদার।

তবে এ সময়ের মধ্যে প্রতি মাসে গ্রামীণফোনের গড় মুনাফার পরিমাণ গ্রাহকপ্রতি (এআরপিইউ) নয় শতাংশ কমে ছয় দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে এআরপিইউয়ের পরিমাণ চার দশমিক ৮০ ডলার।

অন্যদিকে পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে এই হার ৩৪ দশমিক ছয় ডলার।

গত বছরের ওই সময়ের তুলনায় প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে এআরপিইউয়ের হার ৩১ শতাংশ বেড়েছে। অন্যদিকে পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে কমেছে ২২ শতাংশ।

এই প্রথমবারের মতো গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে এআরপিইউয়ের পরিমাণ পাঁচ ডলারের নিচে নেমে এসেছে যা বাংলাদেশে মোবাইল ফোন বাজারের দ্রুত সম্প্রসারণশীলতার জোরালো ইঙ্গিত দেয়।

জুলাই--সেপ্টেম্বর সময়ের মধ্যে গ্রামীণফোনের একজন গ্রাহক প্রতি মাসে গড়ে ২১৪ মিনিট কথা বলেছেন। আগের তিন মাসের তুলনায় এই হার এক মিনিট বেশি। তবে গত বছরের তুলনায় এই হার চার শতাংশ কম।

টেলিযোগাযোগ খাত সম্প্রসারিত হওয়ায় গ্র্রামীণফোন দারুণ লাভবান হয়েছে। সংযোগের প্রদানের ক্ষেত্রে প্রতিযোগীদের চেয়ে এক কোটি ৪৬ লাখ ডলার বেশি ব্যবসা করেছে তারা। গত বছর ওই সময়ের হিসেবে প্রতিযোগীদের তুলনায় গ্রামীণফোনের আয়ের পরিমাণ ৮১ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ।

এই সময়ের মধ্যে গ্রামীণফোনের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ডলার যা প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ।

গত বছর জুলাই--সেপ্টেম্বর মাসের তুলনায় আয়ের পরিমাণ ৪৬ শতাংশ বেশি। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ।

এ বছর প্রথম নয় মাসে গ্রামীণফোনের মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ৮০ লাখ ডলার। ২০০৫ সালে সারা বছর ধরে প্রতিষ্ঠনটি যা আয় করে তার তুলনায় এই হার চার শতাংশ বেশি।

গ্রামীণফোনের আয়কর প্রদান, অবচয় ও ঋণ পরিশোধ পরবর্তী আয়ের পরিমাণ স্থিতিশীল থাকলেও প্রতিষ্ঠানটি বলছে এই হার টাকার হিসেবে ৫৭ শতাংশ বেড়েছে।

এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পুঁজি বিনিয়োগের হার ১৬ শতাংশ কমে এসেছে। তবে নতুন করে বিনিয়োগ কমিয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে গ্রামীণফোন। চলতি বছরই তারা ২০ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করেছে।