২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমানি হার রোববার স্থিতিশীল ছিল

ঈদের আগে বাজারে অর্থের সরবরাহ বেশি থাকায় গ্রাহকদের দিক থেকে প্রচুর টাকা তোলার চাপ থাকলেও রোববার আন্তঃব্যাংক স্বল্পমেয়াদী ঋণের (কলমানি) সুদের হার স্থিতিশীল ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ট্রেজারি বিল ও রিভার্স রেপো নিলামে বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণ কম থাকার কারণে এই হার স্থিতিশীল ছিল বলে মনে করছেন ব্যাংকাররা।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক সোনালী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে বলেন, ‘ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের দিক থেকে টাকা তোলার চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত পাঁচগুণ বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকায় আমাদের কলমানি বাজারের দ্বারস্থ হতে হয়নি।’

একদিনের জন্য নেওয়া ঋণের ক্ষেত্রে রোববার ব্যাংকগুলোতে কলমানি সুদের হার ছিল ছয় দশমিক পাঁচ থেকে ছয় দশমিক সাত শতাংশ। তবে এগুলোর মধ্যে কিছু কিছু সাত শতাংশ সুদেও লেনদেন হয়। বৃহস্পতিবার এই হার ছয় দশমিক পাঁচ থেকে আট শতাংশে ওঠানামা করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারের ট্রেজারি বিল ও রিভার্স রেপো নিলামে ব্যাংকগুলো কম অংশ নেওয়ায় বাজারে অতিরিক্ত অর্থ সরবরাহ বেশি ছিল। যে কারণে আন্তঃব্যাংক লেনদেনে সুদের হার স্থিতিশীল ছিল।

ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের মোট নিলামের মধ্যে মাত্র ২৫ শতাংশে অংশ নেয় বলে তিনি জানান।

রোববার বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল নিলামে তুলে ৬৬৭ কোটি ১০ লাখ টাকা মূল্যের তিনটি দরপত্র বিক্রি করে। অবশিষ্ট ২৩২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের তিনটি দরপত্র বাংলাদেশ ব্যাংক নিজেই কিনে নেয়।

রিভার্স রেপোর মাধ্যমে ১৭টি দরপত্র বিক্রি করে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে মোট ১ হাজার ১৫৫ কোটি টাকা তুলে নেয়। এগুলোর মধ্যে একদিন মেয়াদি ১৬টি ও ১২ কোটি টাকার আটদিন মেয়াদি দরপত্র একটি।

একটি বেসরকারি ব্যাংকের তহবিল ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈদকে সামনে রেখে অতিরিক্ত অর্থ সরবরাহের চাপ সামাল দিতে সবকটি ব্যাংকেই পর্যাপ্ত তহবিল ছিল।

তিনি বলেন, ‘রোববার বাজারে অতিরিক্ত অর্থের সরবরাহ ছিল প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।’

তিনি আরও জানান, অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের চাহিদা কম থাকায় কলমানির সুদের হার স্থিতিশীল ছিল।