২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ডিভিডি ও সিডির বাজার মন্দা

ঈদে ঢাকা শহরে প্রায় সব পণ্যেরই বাজার চাঙ্গা। কিন্তু বিপরীত অবস্থা দেখা যাচ্ছে ডিভিডি (ডিজিটাল ভিডিও ডিস্ক) ও সিডির (কমপ্যাক্ট ডিস্ক) বাজারে। এবারের ঈদে এই দুটি পণ্যের বাজার একেবারেই মন্দা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সাধারণত বিভিন্ন উৎসবের সময় ডিভিডি ও সিডির বিক্রি বেশ বেড়ে যায়। কিন্তু রোববার বসুন্ধরা, রাইফেলস স্কোয়ার ও ইস্টার্ন প্লাজাসহ বিভিন্ন এলাকার শপিং কমপ্লেক্স ঘুরে উল্টো চিত্র দেখা গেছে।

কয়েকজন বিক্রেতা জানান, গত বছরের তুলনায় এবারে ডিভিডি ও সিডি বিক্রি কম হচ্ছে। দোকানগুলোতে তরুণ ক্রেতাদের সংখ্যাও আগের ঈদের তুলনায় অনেক কম।

তবে ব্যবসায়ীদের আশা ঈদের আগের দিন বিক্রি বাড়বে।

বিক্রেতারা আরও জানান, গত চার--পাঁচ মাস ধরে ডিভিডি ও সিডি ব্যবসা এমনিতেই মন্দা।

মূলত আট--নয় মাস আগে মালয়েশিয়া ও পাকিস্তান থেকে পাইরেটেড (নকল কপি) ‘সিলভার ডিভিডি ও সিডি’ আসা বন্ধ হওয়ার পর থেকে মন্দাবস্থা শুরু হয়। পাশাপাশি বাংলাদেশে পাইরেটেড সিলভার ডিভিডি ও সিডি উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠানটি চার মাস আগে বন্ধ হয়ে যাওয়ায় বাজারে এর বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে।

আগে সিলভার ডিভিডি ১২০ টাকায় বিক্রি হতো। আর এখন সাধারণ মানের পাইরেটেড ডিভিডি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কপিরাইট সিডিগুলোর দাম ৬০--৭০ টাকা হলেও বিদেশি ছবি বা গানের সিডি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ইস্টার্ন প্লাজার সারেগামা দোকানের মালিক তৌফিক হোসেন গত এক যুগ ধরে ডিভিডি ও সিডির ব্যবসা করছেন। তিনি জানান, সাধারণভাবে ডিভিডির বিক্রি সিডির তুলনায় বাড়লেও গত ছয় মাস ধরে এ ব্যবসায় মন্দাবস্থা বিরাজ করছে।

গত বছরের ঈদ বাজারের তুলনায় এবার বিক্রি ভাল নয় উল্লেখ করে তিনি বলেন,‘ ঈদের সময় মধ্যবিত্তের কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় বিলাসী পণ্য ডিভিডি ও সিডির বিক্রি ভাল হওয়ার প্রশ্নই ওঠে না।’

এই ব্যবসা সারা শহরে ছড়িয়ে পড়লেও বিক্রি তেমন বাড়েনি বলে জানান রাইফেলস স্কোয়ারের ওয়েস্টার্ন ক্রেজ দোকানের বিক্রেতা আনোয়ার হোসেন। তিনি জানান, মন্দা শুরু হওয়ার পর থেকে ডিভিডি ও সিডি ব্যবসার নির্দিষ্ট জায়গা, যেমন ইস্টার্ন প্লাজা ও রাইফেলস স্কোয়ারের বেশকিছু দোকান মালিক ইতোমধ্যে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

তবে নতুন করে দেশি ছবি, গানের ডিভিডি ও সিডির বাজার তৈরি হচ্ছে বলে মনে করেন বসুন্ধরার সিডি ও ডিভিডি ব্যবসায়ীরা।

তারা জানান, মোল্লাবাড়ীর বৌ, রাণী কুঠির বাকী ইতিহাস, ছুটির ঘণ্টা, নয়নমনি, শ্যামল ছায়াসহ বেশ কিছু ডিভিডি ও সিডি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।