শুল্কমুক্ত বাধা অপসারণের লক্ষ্যে নভেম্বরে লাহোরে তিনদিনের বৈঠক বসছে
সাফটার অধীনে শুল্কমুক্ত বাধা (এনটিবি) অপসারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর কর্মকর্তারা ৬-৮ নভেম্বর পাকিস্তানের লাহোরে তিন দিনের এক বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শনিবার নফহবংি২৪.পড়স কে বলেন, ‘সদস্য দেশগুলো একটি উপ--কমিটি গঠন করে শুল্কমুক্ত বাধা অপসারণের পরিকল্পনা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে।’
লাহোর বৈঠকে গৃহীত সুপারিশগুলো আলোচনার জন্য পরবর্তীতে সাফটার বিশেষজ্ঞ কমিটির কাছে দেওয়া হবে।
এই কমিটির পরবর্তী বৈঠক ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
তবে ওই কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশেষজ্ঞ কমিটির বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি।’
শুল্কমুক্ত বাধার সম্পর্কে ঢাকার উদ্বেগের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশের কাছ থেকে শুল্কমুক্ত বাধার মুখোমুখি হচ্ছি।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিবেশী ভারতের সাথে শুল্কমুক্ত বাধার বিষয়গুলো বাংলাদেশ ইতোমধ্যে যতদূূর সম্ভব সনাক্ত করলেও অন্যান্য সদস্য দেশগুলো এখনও তাদের বাধাগুলো সনাক্ত করেনি।
এর আগে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্স দুই দেশের মধ্যকার শুল্কমুক্ত বাধাযুক্ত বেশ কয়েকটি খাত সনাক্ত করেছে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য ব্যবস্থা চালুর লক্ষ্যে সম্পাদিত চুক্তি সাফটা এ বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে সদস্য দেশগুলোর কাছ থেকে নমুনা স্বাক্ষর এবং ফর্ম প্রকাশনার মতো কিছু প্রয়োজনীয় কার্যক্রম পুরোপুরি সম্পাদিত না হওয়ায় সাফটা বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) মতে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্যের পরিমাণ ৬০০ কোটি মার্কিন ডলার। সদস্য দেশগুলোর মোট আন্তর্জাতিক বাণিজ্যের তুলনায় এ পরিমাণ মাত্র চার শতাংশ।
