নভেম্বর থেকে সংঘ গঠনের অধিকার পাচ্ছেন ইপিজেড শ্রমিকরা
–রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিকরা নভেম্বর মাস থেকে শ্রমিক সংঘ (ট্রেড ইউনিয়ন) গঠন করার অধিকার পেতে যাচ্ছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বাইরের প্রতিষ্ঠানের চেয়ে ইপিজেডে শ্রমিক সংঘ গঠনের প্রক্রিয়া আলাদা হবে এবং সংগঠন করার স্বাধীনতার অধিকারও সীমিত থাকবে।
এ প্রসঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যান আশরাফ আবদুল্লাহ ইউসুফ শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন, বেপজার আওতাধীন কোন শিল্প ইউনিটের ৩০ শতাংশ শ্রমিক যদি আগামী ১ নভেম্বর থেকে লিখিত আবেদন করেন তবে তারা আনুষ্ঠানিকভাবে শ্রমিক সংঘ গঠনের অনুমতি পাবেন।
তবে ইপিজেড সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ জানায়, শ্রমিক সংঘ গঠন প্রক্রিয়া শ্রমিকদের ইচ্ছা--অনিচ্ছার ওপর নির্ভরশীল নয়। বরং যুক্তরাষ্ট্র সরকার এবং ইপিজেডের বিনিয়োগকারী ও তাদের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিবদমান দ্বন্দ্বের ফলাফলের ওপর শ্রমিক সংঘ প্রতিষ্ঠা নির্ভরশীল।
শ্রমমান উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দীর্ঘদিনের চাপের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে ১৮ জুলাই ২০০৪ সালে শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক আইন পাশ হয়।
এ আইন অনুসারে শ্রমিক সংঘের মেয়াদ হবে ১ নভেম্বর ২০০৬ থেকে ৩১ অক্টোবর ২০০৮ পর্যন্ত। তবে ওই সময়ের পর শ্রমিক সংঘের কার্যক্রম পরিচালনা সম্পর্কে এতে কিছুই বলা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বস্ত্র খাতে কোটামুক্ত সময়ে মার্কিন বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানি ক্রমাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে বাড়ার কারণে নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে কংগ্রেস নির্বাচনের পর ইপিজেডে শ্রমিক সংঘ গঠনের স্বাধীনতার জন্য চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে বেপজার আওতাধীন সাতটি ইপিজেডের মধ্যে শুধুমাত্র ঢাকা, চট্রগ্রাম ও কুমিল্লা ইপিজেডের ১৭৭টি শিল্প ইউনিটে নির্বাচিত শ্রমিক প্রতিনিধি ও কল্যাণ কমিটি (ডব্লিউআরডব্লিউসি) রয়েছে।
২০০৫ সাল থেকে ডব্লিউআরডব্লিউসি নির্বাচনের সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সেখানে সরাসরি উপস্থিত ছিলেন।
এ প্রশ্নের উত্তরে আশরাফ আবদুল্লাহ বলেন, ডব্লিউআরডব্লিউসি প্রতিনিধিরা আইন অনুযায়ী শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি করতে না পারলেও শ্রমিক সংঘের প্রতিনিধিরা এ দাবি করতে পারবেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ইপিজেডের এক কোরিয়ান কোম্পানির ডব্লিউআরডব্লিউসি প্রতিনিধি বলেন,‘কোম্পানিগুলো এখনও সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রমকে স্বাগত জানায় না, শ্রমিক সংঘ গঠন করাতো সুদূর প্রচেষ্টা।’
তিনি বলেন, বর্তমান আইন অনুযায়ী ডব্লিউআরডব্লিউসি সদস্যদের কোম্পানি থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অধিকার রয়েছে। অথচ প্রকৃত অবস্থা হলো, কোম্পানিগুলো প্রতিনিধিদের তথ্য দেয় না।
ঢাকা ইপিজেডের প্রতিষ্ঠান ঢাকা রিয়া লিমিটেডের ডব্লিউআরডব্লিউসি সভাপতি হেমায়েত আলী বলেন, নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরও শ্রমিকদের সাথে আমাদের কথা বলার কোন সময় বা সুযোগ দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, এমনকি বেপজা থেকে শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে যে তথ্য জানানো হয় তাও শ্রমিকদের জানানোর মতো সময় বা সুযোগ দেওয়া সংক্রান্ত কোন বিধান নেই।
জানা যায়, কোম্পানির শ্রমিকদের অভিযোগ বা সমস্যা শোনার ব্যাপারে ডব্লিউআরডব্লিউসি প্রতিনিধিদের নির্ধারিত সময় দেওয়ার ব্যাপারে এখনও বেপজা কোন নিয়ম নির্ধারণ করেনি।
ঢাকা ইপিজেডের আরেক প্রতিষ্ঠান তিস্তা হাই ফ্যাশন শ্রমিক প্রতিনিধির সভাপতি নবাব বলেন, ঢাকা ইপিজেডে গত জুনের শ্রমিক বিক্ষোভের পর শ্রমিকদের অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। তবে শ্রমিক সংঘ করার অনুমতি দেওয়ার ব্যাপারে কোম্পানিগুলো এখনও আন্তরিক নয়।
তিনি অভিযোগ করেন, ডব্লিউআরডব্লিউসির কার্যক্রম পরিচালনা করার জন্য কোম্পানিগুলো নির্বাচিত প্রতিনিধিদের পর্যাপ্ত সুযোগ--সুবিধা দেয় না।
ইপিজেড শ্রম আইন অনুসারে, কোন কোম্পানির শ্রমিক সংঘ নির্বাচনে বৈধ হতে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। তবে শ্রমিক সংঘের ওপর নিয়ন্ত্রণের কর্তৃত্ব থাকবে শুধুমাত্র বেপজার।
