২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদনমুখী কারখানাগুলোর বাজার মূলধন এক চতুর্থাংশ কমে গেছে

বিনিয়োগকারীদের প্রত্যাশিত ফলাফল করতে না পারায় পুঁজি বাজারে তালিকাভুক্ত উৎপাদনধর্মী কারখানাগুলোর বাজার মূলধন ২০০৫-০৬ অর্থ বছরে শতকরা ২৪.৪ ভাগ কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত ত্রৈমাসিকে এই তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন,‘ হাতে গোণা কয়েকটি ছাড়া অধিকাংশ কোম্পানি বিনিয়োগকারীদের ঠিক মতো লভ্যাংশ দেয় না। তাছাড়া এই  কোম্পানিগুলো বার্ষিক বিবরণীতে নিজেদের আথিক অবস্থা খারাপ দেখায়’।

অধ্যাপক আহমেদের মতে এই খাতে বানিজ্যিক সুশাসন নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ না থাকায় এখানে সুশাসন নিশ্চিত হচ্ছে না। ‘ বাংলাদেশ ব্যাংকের নজরদারির কারণে বাংকিং খাতে বাণিজ্যিক সুশাসন ভাল’।

সদ্য প্রকাশিত বাংলাদেশ ব্যাংক ত্রৈমাসিক এপ্রিল-জুন সংখ্যায় আরো বলা হয় যে গত এক বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজার মূলধন ১৮০ শতাংশ বেড়ে ১১০২ কোটি টাকা দাড়িয়েছে। ২০০৪-০৫ অর্থ বছরে মূলধনের পরিমান ছিল ৪০০ কোটি টাকা।

বাংলাদেশ বাংক বলছে, সম্প্রতি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি ডেসকো ও বেসরকারি মালিকানাধীন সামিট পাওয়ার বাজারে আসার কারণে এই খাতের মূলধনের পরিমান বেড়েছে।

তবে সামগ্রিক বাজার মূলধনের প্রায় অর্ধেক দখল করে থাকা ব্যাংকিং খাতের মূলধন বেড়েছে মাত্র ২.৮ শতাংশ। অন্যদিকে বিবিধ খাতে এই বৃদ্ধির হার ২৪.৩৯ শতাংশ। বেড়েছে টেক্সটাইল কোম্পানিগুলোর বাজার মূলধন ও।

খাতভিত্তিক তথ্য থেকে দেখা যায় যে বিনিয়োগ, প্রকৌশল, খাদ্য ও সহকারি খাত, ্্ওষুধও রসায়ন শিল্প, রিয়েল এস্টেট ও সেবা খাত, সিমেন্ট শিল্প ও ইন্সুরেন্স খাতের বাজার মূলধন গত অর্থ বছরে কমেছে।   এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে খাদ্য ও সহকারি খাত, ওষুধও রসায়ন এবং সিমেন্ট শিল্প।

বাজার বিশেষঞ্জ মঈন আল কাসেমের মতে ঐতিহাসিকভাবে ‘উৎপাদনমুখী খাতের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। তার ভাষায়, ‘বহুজাতিক কোম্পানিগুলো সহ আর দু’একটি দেশি কোম্পানি ছাড়া এই খাতের সামগ্রিক  পারফরম্যান্স আশাব্যাঞ্জক না। 

তিনি বলেন, ‘নিয়মিত লভ্যাংশসহ বিনিয়োগকারীদের প্রত্যাশিত ঘোষণা না দেওয়ায় এই খাতের অধিকাংশ কোম্পানি বাজারে গুনগতভাবে অপেক্ষাকৃত কম মানসম্পন্ন বা ‘জেড’ গ্র“পের শেয়ার হিসেবে বর্তমানে লেনদেন করছে।’ 

মঈন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও স্কয়ার ফার্মার উদাহরণ দিয়ে বলেন, এই দুটো কোম্পানির শেয়ারের দাম কমে গেলে ঔষধ শিল্প খাতের বাজার মূলধনে প্রভাব পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক  অনূযায়ী গত এক বছরে সামগ্রিক বাজার মূলধনের পরিমান ২০০৪-০৫ অর্থ বছরের  তুলনায় ৩.৬ শতাংশ বেড়েছে।

এই সময়ে সামগ্রিক লেনদেনের পরিমান ৭হাজার ৪০০ কোটি টাকা থেকে কমে ৪হাজার৬০০ কোটি টাকায় দাড়িয়েছে। এটি গত বছরের তুলনায় ৩৭.৮ শতাংশ কম।