২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে প্রস্তুত বাংলাদেশ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সব আশঙ্কা দূর হয়ে গেছে বলে দাবি করলেন জনশক্তি রপ্তানিকারক কয়েকটি সংস্থা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার তারা জানান, শ্রমিক পাঠানোর জন্য এদের  অনেকেই এখন শুধু সরকারের ছাড়পত্রের অপেক্ষায় আছেন। এ মাসের প্রথম দিকে কুয়ালালামপুর ইঙ্গিত দিয়েছিল ২০ অক্টোবরের মধ্যে ২২ হাজার  শ্রমিক পাঠাতে ব্যর্থ হলে তারা এদেশ থেকে আর লোক নাও নিতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী রাদজি শেখ আহমেদ বলেছেন, আগস্টের ১ তারিখ থেকে এই পর্যন্ত তার মন্ত্রণালয় বাংলাদেশী ২২ হাজার শ্রমিকের আবেদন অনুমোদন করেছে। তবে তাদের মধ্যে কেউই এ পর্যন্ত কাজের জন্য মালয়েশিয়ার সাথে যোগাযোগ করেনি।

তিনি আরও বলেন, ২০ অক্টোবরের মধ্যে বাংলাদেশী শ্রমিকরা যদি কাজে যোগ না দেয় তাহলে নতুন শ্রমিক নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে জানান, মালয়েশীয় পর্যালোচক দল জনশক্তি রপ্তানির বিষয়টি তদারকির জন্য এখন ঢাকায় অবস্থান করছে। তারা মোটের ওপর এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন যে শ্রমিক রপ্তানির ব্যাপারে কোন সমস্যাই নেই।

পর্যালোচক দল সোমবার জানান, কুয়ালালামপুর শ্রমিক রপ্তানির ব্যাপারে কোনও সময়সীমা নির্ধারণ করে দেয়নি। তবে শ্রমিক নিয়োগের সকল আনুষ্ঠানিকতা ২০ অক্টোবরের মধ্যে শেষ করতে বলেছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, কিছু জনশক্তি রপ্তানি এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ আদায় করছে বলে পর্যালোচক দলটি অভিযোগ উত্থাপন করেছে।

সরকার শ্রমিকের রপ্তানি বাবদ জনপ্রতি ৮৪ হাজার টাকা নির্ধারণ করলেও কিছু এজেন্সি বেশি টাকা দাবি করছে। দাবিকৃত টাকার পরিমাণ দেড় থেকে দুই লাখ পর্যন্ত বলে জানা গেছে। সন্দেহ করা হচ্ছে, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ একচেটিয়াভাবে কাজে লাগাতে বায়রার কর্মকর্তারা এজেন্সির মালিক হয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, মন্ত্রণালয় ও বায়রার কর্মকর্তাদের এক সভায় ওইসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কার শ্রমিকদের কাছে দক্ষিণ-পশ্চিম এশিয়ার এ দেশটি অত্যন্ত লোভনীয় গন্তব্য।

অদক্ষ শ্রমিকরা মালয়েশিয়ায় নির্মাণ, কারখানা এবং কৃষি খামারে কাজ পেয়ে থাকে।

কয়েক বছর বন্ধ রাখার পর মালয়েশীয় সরকার বাংলাদেশী শ্রমিক নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে পুনরায় শ্রমিক রপ্তানি শুরু করার ব্যাপারে এ বছরের শুরুতে বায়রার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৬ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে সে দেশে শ্রমিক রপ্তানি বন্ধ করে দেয়। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অনিয়ম, শ্রমিকদের হয়রানি, প্রতারণা, স্থানীয় নারীদের আকর্ষণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকরা সেখানে সামাজিক সমস্যা সৃষ্টি করছে বলে কুয়ালালামপুর জানায়।

বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী সোমবার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সম্ভাব্য যেকোনও ধরনের ‘বিশৃঙ্খলা’র কথা উড়িয়ে দেন।

স্থানীয় গণমাধ্যমে রপ্তানির ব্যাপারে ২০ অক্টোবর সম্পর্কে যে কথা বলা হয়েছে তা যথার্থ নয় বলে তিনি জানান।

তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, ‘প্রকৃতপক্ষে এ বিষয়টি মালয়েশীয় কোম্পানির। তারা কুয়ালালামপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্ম আদেশ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পাদনে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘এতে আমাদের কোনও সমস্যা নেই। রপ্তানি পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে ইতোমধ্যেই আমরা মালয়েশীয় সরকার ও কোম্পানির সাথে দূরত্ব কমিয়ে এনেছি।’

কিছু এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছুদের কাছ থেকে নির্ধারিত অর্থের চেয়ে বেশি অর্থ নিচ্ছেÑ এ অভিযোগের ব্যাপারে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। কেন সরকার এ ধরনের এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না?’

কবে তারা মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু করবেনÑ এ ব্যাপারে জানতে চাইলে তিনি অনেক এজেন্সিই লোক পাঠানোর ব্যাপারে প্রস্তুত হয়ে আছে বলে জানান।

তিনি বলেন, ‘অনেক এজেন্সিই সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় আছে। তারা লোক পাঠানোর ব্যাপারে প্রস্তুত।’

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় সংসদকে জানান, মালয়েশিয়ায় বর্তমানে ১ লাখ ১৩ হাজার শ্রমিক বৈধভাবে কাজ করছে।