মধ্যমেয়াদী বাজেট কাঠামোর অধীনে আরো তিনটি মন্ত্রণালয়, একটি বিভাগ
সরকারের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর (এমটিবিএফ) অধীনে ২০০৭-০৮ অর্থবছরের জন্য আরো চারটি নতুন মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে দুই ধাপে ১০টি মন্ত্রণালয়কে এ বাজেট কাঠামোর আওতাভুক্ত করা হয়েছিলো।
এ কাঠামোর আওতায় এক বছরের প্রচলিত বাজেট ব্যবস্থার পরিবর্তে তিন বছর মেয়াদী বাজেট ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এর মাধ্যমে সরকার উন্নয়ন এবং রাজস্ব খাতকে নিয়ে একক সেল গঠন করেছে।
পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেছেন, এমটিবিএফের মাধ্যমে মন্ত্রনালয় এবং বিভাগগুলোকে সরকারী সম্পদ এবং ব্যবস্থাপনা ব্যবহারের ক্ষেত্রে এবং জবাবদিহিতা প্রদানের জন্য অনেক ক্ষমতা দেওয়া হলেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
গত সপ্তাহে জারি করা অর্থ মন্ত্রনালয়ের পরিপত্রে এমটিবিএফের আওতাভুক্ত মন্ত্রণালয়গুলো হলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে সরকার ১০টি মন্ত্রণালয়কে ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবছরে এ কাঠামোর আওতাভুক্ত করেছে।
শিক্ষা, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, কৃষি মন্ত্রণালয়কে ২০০৫-০৬ অর্থবছওে এ কাঠামোর আওতাভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রনালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়কে এবছর এ কাঠামোর অর্ন্তভুক্ত করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের এক সূত্র জানায়, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞানের অভাবের জন্য মন্ত্রনালয়গুলো বাজেটের সাথে সরকারী নীতি, কৌশলের সাথে বাজেট বরাদ্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারছে না।.
পরিকল্পনা কমিশনের অন্য এক কর্মকর্তা জানান, মন্ত্রনালয়গুলোতে এ ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে এমটিবিএফ যাদের প্রশিক্ষণ দেয় তারা অন্য মন্ত্রনালয় বা বিভাগে বদলি হয়ে যায় যে এ প্রশিক্ষণ আর তেমন কাজে লাগে না।
