২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএমে টাকা উত্তোলনে বেসরকারি ব্যাংক শীর্ষে

স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে টাকা উত্তোলনের (এটিএম) ক্ষেত্রে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত, এই পাঁচ বছরে বেসরকারি ব্যাংকগুলো বিদেশী ও রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

কেন্দ্রীয় ব্যাংকের নীতি গবেষণা শাখা পরিচালিত জরিপে বলা হয়, ২০০৫ সালের ডিসেম্বরে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মোট অর্থ উত্তোলনের ৯৩ দশমিক ১১ শতাংশ সম্পন্ন হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে, যা ২০০১ সালের একই মাসের তুলনায় ২৭ দশমিক ১৯ ভাগ বেশি।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এটিএমে অর্থ উত্তোলনের পরিমাণ বৃদ্ধি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

জরিপে বলা হয়, আর্থিক লেনদেনের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ফলে আর্থিক সেবা সম্প্রসারিত হয়েছে।

এটিএমের মাধ্যমে বিদেশী ব্যাংকগুলোর লেনদেনের পরিমাণ হ্রাস পেয়ে ২০০৫ সালের ডিসেম্বরে ৬ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে। অথচ ২০০১ সালের একই সময়ে যার পরিমাণ ছিলো ৬৬ দশমিক ৪৩ শতাংশ।

এটিএমের মাধ্যমে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের পরিমাণ হ্রাস পেয়ে ২০০৫ সালের ডিসেম্বরে দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০০১ সালের একই সময়ে যার পরিমাণ ছিলো ৬ দশমিক ৩৮ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এটিএমের মাধ্যমে লেনদেনের পরিমাণ ২০০১ সালের ডিসেম্বরে ১২১ দশমিক ৬৩ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০০৫ সালের একই সময়ে ৭ হাজার ৬শ’ ১৯ দশমিক ৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের পরিমাণ গড়ে বার্ষিক ৫ হাজার ৩শ’ ৩৮ দশমিক ১৭ কোটি টাকা, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর ১শ’ ৭১ দশমিক ৮৮ কোটি টাকা এবং বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের পরিমাণ ১শ’ ১৮ দশমিক ৫৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষক বলেন, বিদেশী বণিজ্যিক ব্যাংকের চেয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর অনেক বেশি শাখা ও বি¯তৃত বাজার রয়েছে। ডেবিট বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও তাদের চার্জ তুলনামূলক কম।

জরিপ প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে এটিএমের মাধ্যমে লেনদেনের পরিমাণ ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ২০০১ সালে মোট লেনদেনের মাত্র ০ দশমিক ২ শতাংশ সম্পন্ন হয়েছিল এটিএম এর মাধ্যমে।

অধিকাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশী বাণিজ্যিক ব্যাংকই লেনদেনের জন্য এটিএম সুবিধা দিয়ে থাকে।

প্রতিবেদনে আরো বলা হয়, গ্রাহকদের বিভিন্ন ধরণের আধুনিক সেবা প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলো পিছিয়ে রয়েছে।

দেশব্যাপী এটিএম বুথগুলোর মধ্যে ৭৫ শতাংশ, ২২ শতাংশ ও ৩ শতাংশ নির্মাণ করেছে যথাক্রমে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিদেশী বাণিজ্যিক ব্যাংক ও রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোতে অর্থ পরিশোধ ও লেনদেনের আধুনিক সেবা চালু করার জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর আমানত ও সম্পদের সিংহভাগই এই ব্যাংকগুলোর।

উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৩১টি ব্যাংক গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড সুবিধা দিয়েছে।