পোশাক শিল্পকে স্কপের ধর্মঘটের বাইরে রাখতে ঐকমত্য
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আহুত ১৫ অক্টোবরের ধর্মঘটকে সামনে রেখে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে শনিবার সমিতির এক জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় পোশাক শিল্প কারখানাকে ধর্মঘটের আওতার বাইরে রাখার ব্যাপারে ঐকমত্য হয়।
বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে দীর্ঘ তিন মাস ধরে ব্যাপক আলোচনার মাধ্যমে পোশাক শিল্পখাতে ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে। তাই এ ইস্যুতে পোশাক শিল্পখাতে ধর্মঘট পালন কোনোভাবেই যৌক্তিক নয়।
বিজিএমইএর বোর্ড সভায় পোশাক শিল্পখাতে ধর্মঘটের পথ পরিহার করে উৎপাদনের ধারা অব্যাহত রাখার উপড় জোর দেওয়া হয়।
