২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানালেন তরুণ পেশাজীবীরা

দুই হাজার একুশ সালের জন্য লক্ষ্য নির্ধারণে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও মানব উন্নয়ন নীতির ওপর গুরুত্ব আরোপ করেছেন তরুণ পেশাজীবীরা। শনিবার নাগরিক কমিটি ২০০৬ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ রূপকল্প ২০২১’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তারা একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

অনুষ্ঠানে আইন, ব্যবসা, ব্যাংক, বাণিজ্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, স্থাপত্যসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় ৬২ জন তরুণ অনুষ্ঠানে ২০২১ সালের স্বপ্নীল বাংলাদেশ সম্পর্কে তাদের চিন্তা--ভাবনা তুলে ধরেন।

তরুণ পেশাজীবীরা এসময় ১৯৭২ সালের সংবিধানের স্বপক্ষে, একীভূত শিক্ষা ব্যবস্থা, সংখ্যানুপাতিক কোটা প্রতিনিধিত্ব, সরকারি প্রশাসনে মেধাবীদের নিয়োগ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও আর্থিক পরিচালনা ব্যয়ের স্বচ্ছতা এবং দুর্নীতি হ্রাসে অভিযোগ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সুপারিশ করেন।

সত্তর সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার লেখার সাথে নিজের সম্পৃক্তির কথা  উল্লেখ করে অধ্যাপক রেহমান সোবহান বলেন, মুক্তিযুদ্ধ ও তার পূর্ববর্তী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স ছিল ৩৫। তিনি তরুণ পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে তরুণ পেশাজীবীদের ধৈর্য ও অঙ্গীকার থাকা উচিত।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, দলীয় আনুগত্যের আওতায় কাজ করলে আমলাদের দক্ষতা দেখানোর সুযোগ থাকে না। তিনি বলেন, রাজনীতিবিদদের আলোতে আনা গেলে অনেক সমস্যারই সহজ সমাধান সম্ভব।

অধ্যাপক জাফর ইকবাল শিক্ষাব্যবস্থা সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক সংস্কার করা গেলে অদূর ভবিষ্যতে সবকিছুই ঠিকভাবে করা যাবে। পাশাপাশি তিনি শিক্ষাখাতে নিযুক্ত সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বেতন বাড়ানোর এবং বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব আরোপের দাবি জানান।

প্রথম আলোর সহকারী সম্পাদক সুমনা শারমিন রাজনৈতিক আনুগত্যের বাইরে এসে তরুণ পেশাজীবীদের নিজের দায়িত্ব বাস্তবায়নের দাবি জানান।

আইনজীবী তানিয়া আমীর নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক উপদেষ্টা নিয়োগের দাবী জানান।

সাংবাদিক জ ই মামুন দেশে জনগণের অর্থায়নে একটি নিরপেক্ষ গণমাদ্যম প্রতিষ্ঠার দাবি জারিয়ে বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনার ভিতর থেকে সাংবাদিকদের কাজ করতে হয়।    

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়লা কবির ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভটাচার্য।