২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারের আমলেই নতুন আমদানী নীতি বাস্তবায়িত হবে: বাণিজ্যমন্ত্রী

প্রস্তাবিত ২০০৬-০৯ মেয়াদের নতুন আমদানী নীতি এ সরকারের আমলেই বাস্তবায়িত হবে। বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বুধবার আমদানী নীতি পরামর্শক কমিটির সভায় একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির আলোকে দেশের প্রস্তাবিত ত্রি--বার্ষিক আমদানী নীতিকে আরো উন্মুক্ত করা হচ্ছে। এতে পণ্য আমদানীর ওপর নিষেধাজ্ঞাও হ্রাস করা হবে বলে তিনি জানান।

বাণিজ্য মন্ত্রণালয় এবং আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রক দপ্তরের যৌথ আয়োজনে ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও চেম্বার প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা এবং বাণিজ্য মন্ত্রণালয় সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও চেম্বার এবং মন্ত্রণালয়ের ২৭১টি প্রস্তাব উত্থাপিত হলেও মাত্র তিন ঘণ্টার বৈঠকে অল্প সংখ্যক প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।

বর্তমান আমদানী নীতির প্রধান লক্ষ্য হলো রপ্তানী সহায়ক শিল্প প্রতিষ্ঠানকে সহজভিত্তিক আমদানী সুবিধা দিয়ে দেশীয় রপ্তানীকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো। এ লক্ষ্যে শিল্প নীতি, রপ্তানী নীতি ও অন্যান্য উন্নয়ন কর্মসূচির সাথে এবারের আমদানী নীতির সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন আমদানী নীতিতে পণ্যের গুনগতমান ও স্বাস্থ্যসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, নতুন আমদানী নীতিতে জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে আপদকালীন পণ্য আমদানীর ব্যবস্থা থাকবে।

নতুন আমদানী নীতিতে বিশেষ পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে বিজিএমইএ পরিচালক মাহবুবুর রহমান বলেন, এতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে শুল্ক হার পরিবর্তন এবং আমদানী নীতির ভাষা পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে, যাতে দুর্নীতি করার সুযোগ হ্রাস পায়।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী নেতা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার দোহাই দিয়ে একদিকে যেমন আমদানী নীতি উদার করা হচ্ছে, তেমনি অন্যদিকে দেশীয় শিল্প সংরক্ষণে শুল্ক হার বাড়ানোর প্রস্তাবও বিভিন্ন অযৌক্তিক কারণ দেখিয়ে নাকচ করা হচ্ছে।

উদার আমদানী নীতিতে ধর্মীয়, পরিবেশগত, স্বাস্থ্যগত ও নিরাপত্তাজনিত কারণে কয়েকটি পণ্যের আমদানী নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে ২০০৩-০৬ আমদানী নীতি আদেশে মোট ৬০টি পণ্য নিয়ন্ত্রিত পণ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। পরে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বর্তমানে নিয়ন্ত্রিত পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টি।

গত ১৩-১৫ সেপ্টেম্বরে জেনেভায় অনুষ্ঠিত তৃতীয় বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে বাংলাদেশে আমদানী নিষিদ্ধ আরো তিন-চারটি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকের শেষ পর্যায়ে ঢাকা চেম্বারের সাবেক পরিচালক মঞ্জুর আহমেদ পরবর্তী বৈঠকের প্রস্তাব দিলেও বাণিজ্য সচিব ফিরোজ আহমেদের বিরোধিতার কারণে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।