২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘন্টার আলটিমেটাম দিল বিজিএমইএ

আগামী ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গলবার তৈরি পোশাক কারখানা ভাংচুরকারীদের আইনের আওতায় না আনা হলে দেশের সব তৈরি পোশাক কারাখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বাংলাদেশ তৈরি পোশাক মালিক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়।

বিজিএমইএ এর সভাপতি এসএম ফজলুল হক তৈরি পোশাক কারাখানা ভাংচুরকারীদের চিহ্নিত করতে গিয়ে মোশরেফা মিশু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাহরান-এ-সুলতান এবং মোখলেসুর রহমানের নাম উল্লেখ করেন।

সরকার সম্প্রতি তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৬৬২ টাকা ঘোষণা করায় ১১টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে শ্রমিক ধর্মঘটসহ বিক্ষোভ প্রর্দশনকালে ভাংচুরের ঘটনা ঘটে।

বিজিএমইএ সভাপতি বলেন, ধর্মঘট ও প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে পোশাক শ্রমিক সংগঠনগুলোর। কিন্তু এ শিল্প ধ্বংস বা ভাংচুর করার অধিকার তাদের নেই।

তিনি অভিযোগ করে বলেন, বিদেশী মদদদাতাদের সহায়তায় দেশের কয়েকজন শ্রমিক নেতা এ শিল্প ধ্বংস করার দয়িত্ব হাতে নিয়েছেন।

ফজলুল হক আরও বলেন, আট বিলিয়ন ডলারের এ শিল্প ধ্বংস হলে যারা লাভবান হবেন, তারাই এ শিল্প ধ্বংসের চক্রান্তের সঙ্গে জড়িত। 

তিনি পুলিশ বাহিনীর মিশ্র ভুমিকার কথা উল্লেখ করে বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, জিরাবো, মালিবাগ এলাকার পুলিশের যেমন সক্রিয় ভুমিকা ছিল, তেমনি মিরপুর, পল্লবী, কাফরুল এবং উত্তরার ক্ছিু এলাকায় পোশাক কারখানা ভাঙ্গচুর ও লুটপাট চলার সময়ে পুলিশ দাঁড়িয়ে নীরব ভুমিকা পালন করেন। ফজলুল হক বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে দেশে আইন শৃংঙ্খলা আছে বলে অনেকে দ্বিধাগ্রস্ত হবে।

তিনি বলেন, ধর্মঘট চলাকালে শ্রমিক নেতারা পোশাক কারখানাই শুধু ভাংচুর করেনি, তারা মেশিনগুলো নিয়ে গেছে, বিভিন্ন পর্যায়ে লুটপাট চালিয়েছে।

আজমাত, উডল্যান্ড ও ফ্যাশন এন্টারপ্রাইজসহ ছয়টি পোশাক কারখানা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে বিজিএমইএ এর পক্ষ থেকে বলা হয়। এ সময়ে শতাধিক পোশাক কারখানা ভাংচুর করা হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ এর অন্য নেতারা উপস্থিত ছিলেন।