আইনী বিরোধে জড়িয়ে পড়েছে সিপিএ ও কন্টিনেন্টাল ট্রেডার্স
নতুন দুটি জাহাজকে বন্দরে নোঙ্গরের অনুমতি না দেওয়া নিয়ে আইনী বিরোধে জড়িয়ে পড়েছে জাহাজ দুটির মালিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ট্রেডার্স ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বন্দর কর্মকর্তারা জানান, হাইকোর্ট সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের জাহাজ ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তের ওপর যে স্থগিতাদেশ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১২ অক্টোবর আপিল উত্থাপনের অনুমতির আবেদন (লিভ টু আপিল) করবে।
এর আগে ৪ অক্টোবর কন্টিনেন্টাল ট্রেডার্স চট্টগ্রাম বন্দরে তাদের নতুন দুটি জাহাজ প্রবেশের অনুমতি না দেওয়ায় বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করে। ওই পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট বন্দর কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে।
সিপিএর পাল্টা ব্যবস্থা গ্রহণ সম্পর্কে কন্টিনেন্টাল ট্রেডার্সের মহাব্যবস্থাপক ফজলুল হক বিডিনিউজ২৪ডটকমকে বলেন, এডভোকেট মাহমুদা বেগমের কাছ থেকে চিঠি পেয়ে সিপিএর লিভ টু আপিলের খবর জানতে পারেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর আগে উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন এমভি ঈগল পাইওনিয়ার ও এমভি ঈগল এক্সপ্রেস জাহাজ দুটি বন্দরে প্রবেশ করতে দেয়নি।
ফজলুল হক জানান, বন্দর কর্তৃপক্ষ নতুন জাহাজ নোঙ্গরের ক্ষেত্রে কোনো নিয়মনীতি ছাড়াই অনুমতি নেওয়ার এই নতুন নিয়ম চালু করেছে।
