পরবর্তী সরকার টাটার প্রস্তাব বাস্তবায়ন করবে: সাইফুরের আশা
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বলেছেন, টাটা গ্র“পের তিন বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশের জন্য প্রচুর অর্থনৈতিক সাফল্য বয়ে আনবে।
অর্থ মন্ত্রণালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার বীণা সিক্রির সাথে বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আগামীতে কোন দল ক্ষমতায় যাবে সেটা বিষয় নয়। দেশের অর্থনৈতিক মঙ্গলের কথা ভেবে পরবর্তী নির্বাচিত সরকারের উচিত হবে টাটার প্রস্তাব বাস্তবায়ন করা।’
তিনি বলেন, ‘টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনার ক্ষেত্রে চার দলীয় জোট সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
বীণা সিক্রি টাটার বিনিয়োগ প্রস্তাবসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেন।
বৈঠক থেকে বেরিয়ে বীণা সিক্রি সাংবাদিকদের বলেন, ‘টাটার বিনিয়োগ প্রস্তাবকে রাজনৈতিকভাবে দেখা উচিত হবে না। বাংলাদেশের জন্য এটি একটি লাভজনক প্রকল্প। টাটার এই প্রকল্প থেকে বাংলাদেশ বছরে এক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারবে।’
বিশাল ভারতীয় বাণিজ্য প্রতিষ্ঠান টাটা গ্র“প বাংলাদেশকে খুব ভালো একটি বিনিয়োগ প্রস্তাব দিয়েছিল বলে অর্থমন্ত্রী জানান।
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি অত্যন্ত ভালো একটি লক্ষণ।’
টাটার এ বিনিয়োগ প্রস্তাবের ফলে অন্যান্য বিদেশী বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন।
বিদ্যুৎ কেন্দ্র, ইস্পাত কারখানা এবং একটি সারখানা স্থাপনের প্রস্তাবসহ টাটা গ্র“প তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করার ব্যাপারে বাংলাদেশকে ২০০৪ সালে একটি প্রস্তাব দেয়।
আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে চার দলীয় জোট সরকার টাটাকে এ প্রস্তাবের ব্যাপারে আপাতত ‘না’ বলে দিয়েছে।
