শেয়ার বাজারে চাঙ্গাভাব
পিজিসিবির (পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড) শেয়ার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ ঢাকার শেয়ার বাজারে চাঙ্গাভাব ফিরিয়ে এনেছে।
মঙ্গলবার দিনশেষে ডিএসই শেয়ারের সার্বিক মূল্যসূচক আগের দিনের তুলনায় পাঁচ দশমিক আট পয়েন্ট, অর্থাৎ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ২৯৪ টাকা ৪৭ পয়সায়। সোমবার এর পরিমাণ ছিল এক হাজার ২৮৮ টাকা ৬৬ পয়সা।
ডিএসই শেয়ারের সাধারণ মূল্যসূচক তিন দশমিক ৩৯ পয়েন্ট, অর্থাৎ দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৪৭ টাকা ২৩ পয়সা। সোমবার এর পরিমাণ ছিল এক হাজার ৫৪৩ টাকা ৮৪ পয়সা।
ডিএসই--২০ এর শেয়ারের মূল্যসূচক আগের দিনের তুলনায় এক দশমিক ৪৮ পয়েন্ট অথবা দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৩০৪ টাকা ৫৩ পয়সা।
মঙ্গলবার দিনশেষে শেয়ারের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৩ কোটি ৮৫ লাখ টাকায়। আগের দিন এই পরিমাণ ছিল ২৬ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা।
এক্ষেত্রে মূল অবদান রাখে পিজিসিবি ও আইএফআইসি ব্যাংক। পিজিসিবি এক কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৬৭ হাজার ২৫০টি শেয়ার লেনদেন করে। দিন শেষে এর প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২৫০ টাকা।
আর আইএফআইসি ব্যাংক ৯৬ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯৪ হাজার ১৪০টি শেয়ার হস্তান্তর করে। এর প্রতিটি শেয়ারের মূল্য ছিল এক হাজার ২৫ টাকা।
শেয়ার লেন--দেনের ক্ষেত্রে শীর্ষ অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল পূবালী ব্যাংক, ডেসকো, রূপালী ব্যাংক ও বেক্সটেক্স। এর মধ্যে প্রথম দুটির শেয়ারের দাম কিছুটা বাড়লেও রূপালী ব্যাংকের শেয়ারের দাম পড়ে যায়।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার পিজিসিবির প্রতি ইঙ্গিত করে বলেন,‘বাজারে নতুন কোনো শেয়ার এলে তা অন্য কোম্পানির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে। বাজারে আজকের চাঙ্গাভাব এরই ফল।’
তবে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে চলমান সংলাপ নিয়ে অনিশ্চয়তা থাকায় শেয়ার কেনা--বেচায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম।
বাজার বিশ্লেষক মঈন আল কাসেমের মতে, সম্প্রতি কয়েকটি কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার ফলে এদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। ফলে সার্বিক মূল্যসূচক বাড়ছে।
যেসব কোম্পানির শেয়ারের দাম বাড়ে তার মধ্যে আছে জার্মান বাংলা ফুডস, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট। শেয়ারের পড়ে যাওয়ার তালিকার শীর্ষে ছিল ঢাকা ফিসারিজ, ম্যাক পেপার ও পপুলার লাইফ ইন্সুরেন্স।
দিনশেষে মোট ১৮২টি কোম্পানির শেয়ারের মধ্যে লাভ করে ১২৬টি। লোকসান দেয় ৪০টি। ১৬টি কোম্পানির শেয়ারের মূল্যসূচক অপরিবর্তিত ছিল।
