রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে গৃহায়ন ঋণ নেওয়ার পরিমাণ কমেছে (বিস্তারিত)
রাষ্ট্রায়ত্ত হাউজবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (এইচবিএফসি) থেকে গৃহায়ন ঋণ নেওয়ার পরিমাণ ২০০৫-০৬ অর্থবছরসহ পাঁচ অর্থবছরে ১৫ শতাংশ কমেছে।
উচ্চ সুদের হার এবং অন্যান্য ব্যাংকের সাথে প্রতিযোগিতার কারণে ঋণ নেওয়ার ক্ষেত্রে এ অনাগ্রহের সৃষ্টি হয়েছে বলে সোমবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে একই সময়ে ব্যাংকিং এবং নন--ব্যাংকিং খাত থেকে গৃহায়ন শিল্পের জন্য ঋণ নেওয়ার পরিমাণ যথাক্রমে ৪১ এবং ৮৯ শতাংশ বেড়েছে।
অর্থনৈতিক খাতে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত মূল্যায়নমূলক এক সমীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ২০০৪ - ০৫ অর্থবছরে গৃহায়ন শিল্পে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৭০০ কোটি টাকা।
ঋণের এই মোট অর্থের মধ্যে ব্যাংকিং খাত থেকে ৫ হাজার ৪৬ কোটি টাকা, এইচবিএফসি থেকে ২ হাজার ৭৮৪ কোটি টাকা এবং নন--ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ৮৭০ কোটি টাকা এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এইচবিএফসির এক কর্মকর্তা বলেন, গত অর্থবছরে এইচবিএফসি ৪০ কোটি টাকার নতুন ঋণ অবমুক্ত করেছে।
তিনি বলেন, ‘অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় উচ্চ সুদের হার এবং ঋণের পরিমাণ সীমিত হওয়ার কারণে এবং অনাদায়ী ঋণের পরিমাণ বেশি হওয়ায় ঋণ বিতরণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে।’
২০০৫- ০৬ অর্থবছরে এইচবিএফসি মোট বিতরণ করা ২৯ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে মাত্র দুই হাজার কোটি টাকা আদায় করতে পেরেছে।
এইচবিএফসি ঋণগ্রহীতাদের আকৃষ্ট করতে কর্পোরেশন সুদের হার ৩ শতাংশ কমিয়েছে বলে জানান এইচবিএফসির চেয়ারম্যান এএস আব্দুল কাদির। এছাড়া ঋণের পরিমাণ চলতি অর্থবছরে ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি জানান, অন্যান্য ব্যাংকের সাথে প্রতিযোগিতা করার জন্য এইচবিএফসির সুদের হার ঢাকা ও চট্টগ্রামের জন্য তিন ভাগ কমিয়ে ১২ শতাংশ, অন্যান্য এলাকার ক্ষেত্রে দুই ভাগ কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
তিনি বলেন, ‘গ্রাহকরা এতে করে এইচবিএফসির ঋণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন বলেই আমরা আশা করছি।’
ঋণ বিতরণের সাথে জড়িত এইচবিএফসির অন্য এক কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ‘এইচবিএফসি চলতি অর্থবছরে ১২০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য স্থির করেছে।’
