২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারের মন্দাভাব কেটেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিসিই) সোমবার লেনদেনের শুরুতেই পিজিসিবির (পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড) শেয়ার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের ফলে শেয়ার বাজারের মন্দাভাব কেটে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দিনশেষে ডিএসই শেয়ারের সার্বিক মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৩ দশমিক ৭৬ ভাগ অর্থাৎ ১ দশমিক ৮৭ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ২৮৮ টাকা ৬৬ পয়সায়। রোববার এর পরিমাণ ছিল এক হাজার ২৬৪ টাকা ৮৯ পয়সা।

রোববার ডিএসই শেয়ারের সাধারণ মূল্যসূচক ছিল এক হাজার ৫০৭ টাকা ছয় পয়সা। সোমবার তা ৩৬ দশমিক ৭৭ ভাগ বা ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৪৩ টাকা ৮৪ পয়সায়।

তবে ডিএসই--২০ এর শেয়ারের মূল্যসূচক আগের দিনের তুলনায় চার দশমিক ৭৬ ভাগ বা দশমিক ৩৬ শতাংশ কমে যায়। এর পরিমাণ এক হাজার ৩০৭ টাকা ৮১ পয়সা থেকে কমে দাঁড়ায় এক হাজার ৩০৩ টাকায়।

সোমবার দিনশেষে শেয়ারের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকায়। আগের দিন এই পরিমাণ ছিল ২৬ কোটি আট লাখ ৯০ হাজার টাকা।

লেনদেনের দিক থেকে পিজিসিবির পরেই ছিল রূপালী ব্যাংক, ডেসকো, পূবালী ব্যাংক ও নিটল টিউবের অবস্থান।

এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান শেয়ার বাজারে মূল্যসূচকের ক্ষেত্রে পিজিসিবির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, ‘মূল্যসূচকের উত্থানে সহায়তা করেছে পিজিসিবি।’

তবে শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল সীমিত।

বিদ্যুৎ রূপান্তরকারী কোম্পানি পিজিসিবির শেয়ারের মূল্য সোমবার ১৬২ শতাংশ বেড়ে ২৬২ টাকায় দাঁড়ায়। তালিকা মূল্য ১০০ টাকা ধরে পিজিসিবির শেয়ার রোববার বাজারে আসে।

মোট এক লাখ ২৮ হাজার ৯০০ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় তিন কোটি ২০ লাখ ৮৭ হাজার টাকা।

পিজিসিবির শেয়ার কেনা--বেচার প্রস্তুতি নিতে থাকায় গত সপ্তাহে বিনিয়োগকারীদের দিক থেকে শেয়ার বিক্রির চাপ অনেক বেশি ছিল। ফলে শেয়ার বাজারে মন্দাভাব দেখা দেয়।

বিনিয়োগকারীরা জানান, অন্য অধিকাংশ কোম্পানির শেয়ারে লাভ আসে সামান্যই।

এ প্রসঙ্গে অর্থ ব্যবস্থাপক ও এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ বলেন, ‘অধিকাংশ কোম্পানির শেয়ার লেনদেনে সামান্য পরিমাণে লাভ হলেও মোটের ওপর বাজার পরিস্থিতি ছিল স্বাভাবিক’।

সোমবার দিনশেষে মোট ১৭৫টি কোম্পানির শেয়ারের মধ্যে লাভ করে ৭৯টি। লোকসান দেয় ৬৮টি। ২৮টি কোম্পানির শেয়ারের মূল্যসূচক ছিল অপরিবর্তিত।