২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই বিনিয়োগকারীদের মনোযোগ কেড়েছে পিজিসিবি

বাজারে এসেই বিনিয়োগকারীদের ব্যাপক মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে পিজিসিবির (পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড) শেয়ার। রোববার প্রথম দিনের মতো লেনদেন শুরু হওয়ার পর এর প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ২৬২ টাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আত্মপ্রকাশ করার পরপরই শেয়ারের মূল্য প্রারম্ভিক মূল্যের চেয়ে ১৬২ শতাংশ বাড়ায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন পিজিসিবির শেয়ার কেনার দিকে ঝুঁকছেন।

পিজিসিবির শেয়ারের লেনদেন শুরু হলে বাজার গতিশীল হওয়ার পাশাপাশি নতুন পুঁজি আসবে বলে আগেই আশা প্রকাশ করেছিলেন বাজার বিশ্লেষকরা।

প্রথম দিনেই এক লাখ ২৮ হাজার ৯০০ শেয়ার বিক্রি করে পিজিসিবির লেনদেনের পরিমাণ দাঁড়ায় তিন কোটি ২০ লাখ ৮৭ হাজার টাকায়। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনা--বেচায় শীর্ষে চলে যায় পিজিসিবি। বাজারে এসেই এর প্রতিটি শেয়ারের দাম ২২৫ থেকে ২৫০ টাকায় ওঠানামা করে।

পিজিসিবির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এর প্রধান নির্বাহী মো. ইফতেখার--উজ--জামান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কিছূ নিষেধাজ্ঞার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনা--বেচায় অংশ নিতে না পারায় খুচরা বিনিয়োগকারীরা ব্যাপকহারে পিজিসিবির শেয়ার কিনেছেন। ফলে এর শেয়ারের দাম এতো বেড়েছে। ডিএসইর শর্ত অনুযায়ী এক ঘোষণায় কোনো বিনিয়োগকারীই এক হাজারের বেশি শেয়ার কিনতে পারে না।

তবে পিজিসিবির প্রতিটি শেয়ারের প্রারম্ভিক মূল্য কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (আর্নিং পার শেয়ার--ইপিএস) ও এর আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক বেশি ধরা হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদের মতে বলেন, এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়েছে।

গত জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত্ব পিজিসিবির প্রতি শেয়ারে আয় ছিল মাত্র আট টাকা ২৩ পয়সা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রোববার থেকে এর শেয়ারে বিনিয়োগের সুযোগ পান। দেশের দুই শেয়ার বাজারে এসেই বিনিয়োগকারীদের মনোযোগ কাড়তে সক্ষম হয় পিজিসিবি।

কোম্পানিটি এক মাসে মোট ৯১ কোটি আট লাখ টাকা মূল্যের শেয়ার বাজারে ছাড়বে। প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা ধরে মোট ৯১ লাখ আট হাজার শেয়ার বাজারে ছাড়া হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী পিজিসিবির মোট শেয়ারের ১০ শতাংশে বিনিয়োগের সুযোগ সংরক্ষিত থাকবে কোম্পানিটির কর্মকর্তা ও পরিচালকদের জন্য।

প্রায় তিনমাস আগে সরাসরি তালিকাভুক্তি আইন ২০০৬ এর কার্যকারিতার ওপর হাইকোর্টের একটি স্থগিতাদেশের কারণে শেয়ার বাজারে পিজিসিবির তালিকাভুক্তি ঝুলে ছিল। গত আগস্ট মাসে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।