বাংলাদেশী গার্মেন্টস শ্রমিকদের ফেরত পাঠাবে জর্দান
জর্দানে তৈরি পোশাক কারখানায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের জায়গায় জর্দানীদের নিয়োগ দেওয়া হবে। রোববার জর্দান টাইমস এ তথ্য জানায়।
জর্দানের শ্রমমন্ত্রী বাসেম সালেমের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মানসম্মত শিল্প এলাকায় (কিউআইজেড) নিয়োগদাতাদের বিরুদ্ধে বিদেশী শ্রমিক অধিকার লঙ্ঘন করার অভিযোগ উঠায় জর্দান বিদেশী শ্রমিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় শ্রম কমিটির (এনএলসি) সর্বশেষ প্রতিবেদনে জর্দানের তৈরি পোশাক কারখানায় আদম পাচার, শ্রমঘণ্টা, পাসপোর্ট বাজেয়াপ্ত করা, ওভারটাইম প্রদান না করাসহ বিদেশী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনা করা হয়।
এএলসির ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের টার্গেট, জেসি পেনি, নটিকা এবং রাসেলের জন্য তৈরি পোশাক উৎপাদনকারী আটাটেকস কারখানাকে শ্রম অধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘আগস্টে ১০ শ্রমিককে বরখাস্ত, করাবন্দি, প্রহার এবং পরে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।’
এনএলসির অভিযোগ ওয়াল মার্টের জন্য পোশাক উৎপাদনকারী সিলভার প্লানেট কারখানা থেকে অপর আট শ্রমিককে বরখাস্ত, কারাবন্দি, প্রহার এবং পরে ২ সেপ্টেম্বর জোর করে দেশে ফেরত পাঠ নো হয়। ওই শ্রমিকরা তাদের মৌলিক অধিকার দাবি করেছিল।
জার্কার আল দুলায়াল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত রেইনবো টেক্সটাইল কোম্পানির শ্রমিকরা শারীরিক নির্যাতন, কোনও ওভারটাইম ছাড়া ১৫ ঘণ্টা বাধ্যতামূলক শ্রম এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করার প্রতিবাদে ধর্মঘট শুরু করে।
জর্দানের শ্রমমন্ত্রী সালেম বলেন, ‘কারখানাটি বাংলাদেশের ১০ জন ধর্মঘটকারী শ্রমিককে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিমানে উঠার আগে তাদের ফিরিয়ে আনা হয়।’
এজন্য ওই কারখানাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শ্রমমন্ত্রী জানান।
এনএলসির সর্বশেষ অভিযোগে হরাইজন ক্লথিং ম্যানুফেকচারিং, জর্দান সিল্ক ফ্যাক্টরি, আটলান্টা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংকে শ্রম অধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়।
চলতি মাসে জর্দানের শ্রম মন্ত্রণালয় প্রকাশিত এক জরিপে দেখা যায়, জর্দানী ১ লাখ ৮০ হাজার বেকারের ২৮ শতাংশই কিউআইজেড কারখানায় প্রতিমাসে ১০০ থেকে ১৫০ জর্দানী মূদ্রার বিনিময়ে কাজ করতে আগ্রহী।
তৈরি পোশাক খাতে বেতন বাড়ানো হলে উল্লেখযোগ্য সংখ্যক জর্দানী কাজ করতে আগ্রহী হবে বলে শ্রম মন্ত্রণালয় জানায়।
এএলসির নামে যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি যেসব প্রতিবেদন প্রকাশ করেছে সেসবের পরিপ্রেক্ষিতে আতঙ্কিত না হওয়ার জন্য জর্দান তাদের তৈরি পোশাক খাতে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়েছে।
এএলসির সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়, অগ্রগতি অর্জিত হওয়া সত্ত্বেও আদম পাচার, মজুরি এবং শ্রমঘণ্টার ক্ষেত্রে তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রম অধিকার লঙ্ঘনের মতো মারাত্মক ঘটনা ঘটছে।
