আর্ন্তজাতিক বাজারে উপস্থাপনের জন্য পণ্যের তালিকা পেয়েছে ইপিবি
আন্তর্জাতিক বাজারে উপস্থাপনের জন্য দেশের ৪৪টি জেলা থেকে পণ্যের তালিকা হাতে পেয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবির এক সূত্র একথা জানায়।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্য উপস্থাপনের জন্য এর আগে ইপিবি ‘এক জেলা, এক পণ্য’ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলা প্রশাসককে তাদের নিজ নিজ জেলা থেকে একটি করে পণ্যের নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছিল।
তৈরি পোশাক রপ্তানী খাতের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশের রপ্তানী পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকার এই কর্মসূচি হাতে নেয়। দেশের মোট বাৎসরিক রপ্তানী আয়ের প্রায় ৭৫ শতাংশই আসে ওই খাত থেকে।
রপ্তানী উন্নয়ন ব্যুরোর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ২৪ডটকমকে জানান, ব্যুরো জেলাভিত্তিক ওই পণ্য এবং পণ্য তৈরিকে উৎসাহিত করতে সংশ্লিষ্ট জেলাকে কী সুবিধা দেওয়া হবে তার বিস্তারিত বর্ণনাসহ একটি কার্যসূচি তৈরি করবে।
এছাড়া গুনগত মান ও ডিজাইনের দিক থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম পণ্য তৈরিতে ওই জেলার উদ্যোক্তাদের সাথে সরকার কিভাবে কাজ করতে পারে তার উপায় নিয়েও ওই কার্যসূচিতে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।
এ ব্যাপারে ইপিবির ভাইস--চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন মোহাম্মদ বলেন, ‘সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে ঘণিষ্ট সহযোগিতার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে’।
ওই তালিকার কয়েকটি পণ্য হলো-- পঞ্চগড় - জৈব চা, খুলনা - হাঁস--মুরগীর খাদ্য ও কাঁকড়া, জামালপুর - সূতার কাজভিত্তিক হস্তশিল্প, রংপুর - শতরঞ্জি, বান্দরবান - রাবার, টাঙ্গাইল - শাড়ি, বগুড়া - আলু, বাগেরহাট - নারিকেল, সিরাজগঞ্জ - তাঁতের কাপড়, ও দিনাজপুর - কাটারিভোগ চাল।
