২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে নতুন পুঁজি প্রবাহে ভুমিকা রাখবে পিজিসিবির লেনদেন

আগামী ৯ অক্টোবর থেকে রাষ্ট্রায়ত্ত্ব লাভজনক প্রতিষ্ঠান পিজিসিবির (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) শেয়ারের লেনদেন শুরু হলে বাজার গতিশীল হওয়ার পাশাপাশি নতুন পুঁজি আসবে বলে আশা প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ বলেন, ‘শেয়ার বাজারে পিজিসিবির অন্তর্ভুক্তি ভালো প্রভাব ফেলবে। নতুন নতুন বিনিয়োগকারী নতুন পুঁজি নিয়ে বাজারে আসবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘লেনদেন বাড়ার সাথে সাথে পুঁজির পরিমাণও বাড়বে’।

প্রতি শেয়ারে আট টাকা ২৩ পয়সা আয় নিয়ে পিজিসিবি আগামী ৯ অক্টোবর দেশের দুই শেয়ার বাজারে আসছে। কোম্পানিটি মোট ৯১ কোটি আট লাখ টাকা মূল্যের শেয়ার বাজারে ছাড়বে। প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা ধরে মোট ৯১ লাখ আট হাজার শেয়ার বাজারে ছাড়া হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী পিজিসিবির মোট শেয়ারের ১০ শতাংশে বিনিয়োগের সুযোগ সংরক্ষিত থাকবে কোম্পানিটির কর্মকর্তা ও পরিচালকদের জন্য। বাকি ৮৬ লাখ ৬৩ হাজার শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট পিজিসিবির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। আর শেয়ার বিক্রি করবে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতিখার উজ-জামান এ প্রসঙ্গে বলেন, ‘পিজিসিবির মত বড় শেয়ারকে আতœীকরণ করার মত গভীরতা বাজারের আছে। আমাদের এক মাসের মধ্যে ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। এতে বাজারে খুব একটা প্রভাব পড়বে না’।  

তিনি বলেন, ‘বাজারে বিদ্যমান পুঁজির ক্ষুদ্র একটি অংশ লেনদেনের সাথে যুক্ত। ভালো কোম্পানির শেয়ার বাজারে এলে নতুন নতুন বিনিয়োগকারী বাজারে আসবে’।

তিনি আরও বলেন, ‘বেশ কিছু বিনিয়োগকারী, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী, ইতোমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে।’

পিজিসিবির শেয়ারের ব্যাপারে আশাবাদী ঢাকা স্টক একচেঞ্জের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ হুসাইনও। তিনি বলেন, ‘ভালো শেয়ার বাজারে এলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের উৎসাহের সৃষ্টি হয়’।   

প্রায় তিনমাস আগে সরাসরি তালিকাভুক্তি আইন ২০০৬ এর কার্যকারিতার ওপর হাইকোর্টের একটি স্থগিতাদেশের কারণে শেয়ার বাজারে পিজিসিবির তালিকাভুক্তি ঝুলে ছিল। গত আগস্ট মাসে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।