২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে বিশ্বব্যাংকের দেড় কোটি টাকা ফেরত দিতে হলো বাংলাদেশকে

প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের দুর্নীতির অভিযোগে বাংলাদেশকে দেড় কোটি টাকা ফেরত দিতে বাধ্য করেছে বিশ্বব্যাংক। সরকারি একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিনিয়র বাণিজ্য প্রতিবেদক সাজ্জাদুর রহমান জানাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

গত বছর বিশ্ব ব্যাংক এক চিঠির মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত দুটি প্রকল্পে ক্রয়সংক্রান্ত বড় ধরনের দুর্নীতির অভিযোগ আনে।

সরকারি কর্মকর্তারা জানান, দুর্নীতির প্রমাণ পাওয়ার পর বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার আশংকায় বাংলাদেশ তার কষ্টার্জিত আয় থেকে দাবিকৃত অর্থ ফিরিয়ে দিতে বাধ্য হলেও ওই দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের এখনও কোন শাস্তিই হয়নি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রধানকে গত ৯ জুলাই লেখা এক চিঠিতে নিশ্চিত করা হয় যে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২৯ জুন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের স্পেশাল একাউন্টে এক কোটি ৪৩ লাখ ১২ হাজার ২০০ টাকা ফেরত দিয়েছে’।

একই মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত আরেকটি প্রকল্পের ৮৯ হাজার ৯৯৩ টাকা ৮৮ পয়সা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইডিএ একাউন্ট নম্বর ‘এ’তে ফেরত পাঠানো হয়। 

অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়সকে বলেন, ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিস গত বছর সরকারের কাছে দুই কোটি ১৬ লাখ ৭১ হাজার ৫৪৯ টাকা ফেরত দেওয়ার অনুরোধ করে। এর জন্য তারা ২০০৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। সরকার এসব অনিয়মের অভিযোগ স্বীকার করে নিয়ে এক কোটি ৪৩ লাখ ১২ হাজার ২০০ টাকা ফেরত দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘তদন্ত প্রতিবেদনে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আছেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি’।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই তদন্ত কমিটির এক সদস্য জানান, এই অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করতে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।

তবে তিনি অভিযোগ করেন, ‘সরকারের এক শ্রেণীর কর্মকর্তা এদের শাস্তি প্রদানের বিষয়টি বিলম্বিত করছেন’। 

উল্লেখ্য, গত বছর বিশ্ব ব্যাংকের এক চিঠির জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০০৫ সালের ডিসেম্বরে একটি তদন্ত কমিটি গঠন করে। বিশ্ব ব্যাংক চিঠিতে অভিযোগ করে, ‘জাতীয় পুষ্টি প্রকল্পে (এনএনপি) কম্পিউটার ও এক্সেসরিজ এবং কৃমিনাশক ট্যাবলেট কেনা এবং স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচপিএসপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে তিনটি প্যাকেজ কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজে অনিয়ম হয়েছে’।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে গঠিত সাত সদস্যের ওই কমিটি প্রায় ছয় মাস ধরে সব দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তদন্ত করে চলতি বছর জুন মাসে মন্ত্রণালয়ের কাছে একটি প্রতিবেদন জমা দেয়।

কমিটির প্রতিবেদনে বলা হয়, তিন দৈনিক পত্রিকায় - বাংলাদেশ টুডে, নিউ নেশন ও সংবাদ - দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়ায় অনিয়ম ছিল। কমিটি পত্রিকা তিনটির অনুলিপি জোগাড় করে দেখে যে এগুলোতে ওই দরপত্রের কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়ায় যে জালিয়াতি করা হয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছেছি’।

কৃমিনাশক ট্যাবলেট কেনার ক্ষেত্রে আরও বেশি দুর্নীতি হয়েছে। কমিটি জানায়, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে প্রায় ৫০ লাখ কৃমিনাশক ট্যাবলেট কেনার সময় ট্যাবলেট প্রতি দাম বেশি ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রকল্প কর্তৃপক্ষ প্রতিটি কৃমিনাশক ট্যাবলেটের দর তিন টাকা ৭০ পয়সা হিসেবে কেনার অনুমতি দিলেও বিক্রেতা কোম্পানির পাইকারি দরের তালিকায় একই ট্যাবলেটের দাম দেখানো হয়েছে দুই টাকা ৮৭ পয়সা। অর্থাৎ, এনএনপি কর্তৃপক্ষ প্রতি ট্যাবলেটের দাম ৮৩ পয়সা বেশি দিয়েছে। এতে ওই প্রকল্পের সাড়ে ৪৩ লাখ টাকা লোকসান হয়েছে’।