২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএফটিসির চাপ প্রয়োগের অভিযোগ: নতুন জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার অনুমতি পাচ্ছে না

কার্যত চট্টগ্রাম ফিডার ট্রেড কমিটির (সিএফটিসি) চাপে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন জাহাজ বন্দরে ভেড়ার অনুমতি না দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে সিএফটিসি সূত্র এ অভিযোগ অস্বীকার করে বলেছেন তারা বন্দরে জাহাজ জট নিয়ন্ত্রণে আনার অনুরোধ করেছেন মাত্র। এদিকে কন্টেইনার ট্রের্ডাসে বন্দরের অনুমোদন পাওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করার হুমকি দিয়েছে বন্দরে নোঙ্গরের অপেক্ষায় থাকা দুটি জাহাজের কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, গত তিন মাসে আরও নতুন চারটি জাহাজ বন্দরে আসে। এ সপ্তাহেই কিউসি কোম্পানির নতুন জাহাজ বন্দরে নোঙ্গর করেছে। অথচ বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন জাহাজ এমভি ইগল পাইওনিয়ার ও এমভি ইগল এক্সপ্রেসসহ এ ধরনের নতুন জাহাজ বন্দরে ভেড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। ধারণ ক্ষমতার নীতিমালা না থাকার ফলে মাল পরিবহনে নিজেদের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করেছে সিএফটিসি। নিজেদের এ অধিকার খর্ব হওয়ার আশংকায় সিএফটিসি তাই এ ব্যাপারে বিরোধিতা করে আসছে বলে অভিযোগ উঠেছে।

তবে ওই দুটি জাহাজ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, কন্টেইনার ট্রের্ডাসে বন্দরের অনুমোদনের জন্য তারা উচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র জানায়, বিজিএমইএসহ ব্যবসায়ী নেতারা বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জাহাজ অনুমোদনের পক্ষ অবস্থান নিলেও সিঙ্গাপুর থেকে আসা সিএফটিসি সেক্রেটারি এম সি লিম ও নির্বাহী সদস্য বিজু ওমানসহ প্রতিনিধি দলের চাপে নতুন জাহাজ অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়।

ইপি ক্যারিয়ারের এজেন্ট কন্টেইনার ট্রের্ডাসের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী বলেন, বিদেশি ব্যবসায়ী সমিতি সিএফটিসির চাপে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন জাহাজ বন্দরে আসার অনুমতি না দিলে তা হবে অত্যন্ত লজ্জাজনক। বন্দর কর্তৃপক্ষের স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মুক্ত বাজার অর্থনীতিতে কোন নীতিমালা ছাড়া নতুন জাহাজ বন্দরে ভেড়া বন্ধ হতে পারে না।

এ প্রসঙ্গে চট্টগাম বন্দরের পরিচালক (ট্রাফিক) আহসানুল কবীর বিডিনিউজ২৪ডটকমকে বলেন, নতুন জাহাজ এলে বন্দরের জট বেড়ে যাবে। তাই এমভি পাইওনিয়র ও ইগল এক্সপ্রেসকে চট্রগ্রাম বন্দরের আসার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে জাহাজ দুটিকে মংলা বন্দরে আসার অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাল পরিবহন ও ধারণ ক্ষমতা নিয়ে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি।

তবে সিএফটিসি সমন্বয়ক স্বপন ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা চট্টগ্রাম বন্দরে জট কমাতে বন্দর কর্তৃপক্ষকে জাহাজ নিয়ন্ত্রণের অনুরোধ করেছি মাত্র। বিশেষ কোন কোম্পানির জাহাজ বন্দরে নোঙ্গরের ব্যাপারে আপত্তি করিনি।

তিনি বলেন, জট কমানোর ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের কোন পরিকল্পনা নেই। তবে গত বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ নতুন জাহাজের ক্ষেত্রে প্রথমবারের মতো অনুমতি দেওয়ার নিয়ম চালু করেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে গত এক বছরে ১৫টি নতুন মালবাহী জাহাজ নোঙ্গর করলেও জাহাজের মালামাল পরিবহন ও ধারণক্ষমতা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সুষ্ঠু কোন নীতিমালা নেই। এমনকি গত মাসের শুরুতেও চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের অনুমোদন নেওয়ার নিয়ম ছিল না।

এদিকে নতুন জাহাজ কোম্পানি ইতোমধ্যে বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কোন সময়ে সারচার্জ আরোপ করবে না এমন অঙ্গীকারনামা পাঠিয়েছে।

বিজিএমইএ পরিচালক মাহবুব চৌধুরী বলেন, নতুন ও বড় পরিমাণের কন্টেইনার ধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক ৩০টি জাহাজ নোঙ্গর করলেও বন্দরে জট লাগবে না।

তিনি বলেন, নতুন জাহাজ এলে প্রতিযোগিতা বাড়বে এবং আমদানি-রপ্তানি খরচ কমবে। পাশাপাশি সিএফটিসি সারচার্জসহ বিভিন্ন ধরনের সিন্ডিকেট ভেঙ্গে যাবে।

তিনি আরও জানান, বহু বছরের পুরনো ও স্বল্প ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজে মালামাল পরিবহন করায় রপ্তানি পণ্যের লিড টাইম বেড়ে যাচ্ছে, অথচ এ ব্যাপারে কোন নিয়ম--নীতি নেই।