বাংলাদেশ শীঘ্রই সিমেন্ট ও জামদানী শাড়ী ভারতে রপ্তানি করতে সক্ষম হবে ঃ বীণা সিক্রি
বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার বীণা সিক্রি বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশ খুব শীঘ্রই ভারতে সিমেন্ট ও জামদানী শাড়ী রপ্তানি করতে সক্ষম হবে।
বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সাথে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত, উভয়েই অশুল্ক প্রতিবন্ধকতার (নন-ট্যারিফ ব্যারিয়ার) তালিকা নিয়ে কাজ করছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে বিঘœ সৃষ্টি করছে।
কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে বলেন, ব্যাবসা-বাণিজ্যকে রাজনীতিকীকরণ করা উচিত নয়।
উল্লেখ্য, ভারত সে দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রকার অশুল্ক প্রতিবন্ধকতা আরোপ করছে। যেমন, যে কোন প্রকার পণ্য শিপমেন্টের আগে ভারতীয় গবেষনাগারে তার পরীক্ষা ও ব্যায় বহন, প্যাকেটজাত পণ্যের উপর ফলের ছবি এবং কোন কোন ক্ষেত্রে বিভিন্ন স্থল বন্দরে ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের হয়রানি।
ব্যবসায়ীরা জানান, বিভিন্ন প্রকার অশুল্ক প্রতিবন্ধকতার ফলে ভারতে বাংলাদেশী পণ্য রপ্তানি বা আমদানী উভয় ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কারণ বিভিন্ন প্রকার পণ্যের চালান ভারতের গুদামগুলোতে দীর্ঘ সময় পড়ে থাকছে।
বীণা সিক্রি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি শেষ সাড়ে তিন বছরে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ২০০১--০২ অর্থবছরের (৫০ মিলিয়ন ইউএস ডলার) চেয়ে প্রায় পাঁচ গুন বৃদ্ধি পেয়ে ২০০৫--০৬ অর্থবছরে ২৫০ মিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ভারতে বাংলাদেশী সিমেন্ট ও শাড়ী রপ্তানির বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা চলছে।
ভারতীয় বিদায়ী হাইকমিশনার বলেন, সিমেন্ট রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের অশুল্ক প্রতিবন্ধকতা নিয়ে সুরাহা ইতিমধ্যে হয়েছে। অপরদিকে জামদানী রপ্তানির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে অল্প কিছু দিনের মধ্যে তারও সুরাহা হতে যাচ্ছে। ভারতে বাংলাদেশী পণ্য রপ্তানি বৃদ্ধি করার বিভিন্ন উপায় রয়েছে বলেও তিনি জানান।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ভারতীয় হাই কমিশনারের প্রতি বিভিন্ন ধরনের অশুল্ক (এনটিবি) প্রতিবন্ধকতা এবং প্যারা-ট্যারিফ প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
বাণিজ্যমন্ত্রী সাংবাদিককদের বলেন, ‘যৌথ নদী কমিশনের বৈঠক নিয়েও আমি তার সাথে কথা বলেছি।’
