ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পরিষদের দাবি কোনরকম অনিয়ম হয়নি
ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পরিষদের ২২টি সভার কোনোটিতেই অনিয়ম হয়নি। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ব্যাংকটির প্রায় ৬০০ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগও সঠিক নয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির পরিচালনা পরিষদের দুই সদস্য মেহেদী হাসান ও সালমান করিম এসব দাবি করেন। তারা দাবি করেন, তাদের দায়িত্ব পালনকালে অনুষ্ঠিত ২২টি সভায় কোন অনিয়ম হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিযুক্ত পর্যবেক্ষক তা জানতে ও এ ব্যাপারে যথাসময়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে পারতেন।
ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত এক হিসাব নিরীক্ষায় ৫৯৬ কোটি টাকার অনিয়মের বিষয়টি উদ্ধৃত করে বিভিন্ন পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে। পরিচালনা পরিষদের সদস্যরা এসব প্রতিবেদন পুরোপুরি অসত্য দাবি করে বলেন, ওই হিসাব নিরীক্ষায় যেসব অনিয়মের উল্লেখ করা হয়েছে সে সময় তারা কেউই পরিচালনা পরিষদে ছিলেন না।
পরিচালনা পরিষদের সদস্যরা বলেন, ‘আমাদের কোন সদস্য এসব অনিয়মের সাথে সম্পৃক্ত কিনা তা আমাদের ২২টি সভার কার্যবিবরণী পর্যালোচনা করলেই প্রমাণিত হবে’। এই অর্থ বেনামী, নাকি পরিচালকের ঋণ সে প্রশ্ন তুলে তারা অবিলম্বে এই ঋণ আদায়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান। তারা বলেন, এক্ষেত্রে তারা প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত আছেন।
পরিচালনা পরিষদের সদস্যরা দাবি করেন, কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষা কার্যক্রমের কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন এখন পর্যন্ত তাদের হাতে পৌঁছেনি। তারা আরও জানান, ২০০৪ ও ২০০৫ সালের নিরীক্ষা প্রতিবেদনেও ওরিয়েন্টাল ব্যাংক সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক কোন বিরূপ মন্তব্য করেনি। সেক্ষেত্রে ওই সময়ে সংঘটিত অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংক কেন আরও আগে ব্যবস্থা নিল না তারা তা জানতে চান।
এসব খবরকে বিভ্রান্তিকর দাবি করে সম্মেলনে বলা হয়, স্বার্থান্বেষী একটি মহলের চক্রান্তে ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে অন্যের দোষ তাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তারা জানান, তারা গত ৪ সেপ্টেম্বর পরিচালনা পরিষদকে পুর্নবহাল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আপিল করার পাশাপাশি একটি বিজনেস প্ল্যানসহ ব্যাংকটি তাদের কাছে ফেরত দেওয়ার আবেদন করেছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনো কোন ব্যবস্থা না নিয়ে বিভিন্ন পত্রিকায় নানা ধরনের অনাকাঙ্খিত তথ্য দিয়ে তাদেরকে সামাজিকভাকে হেয় প্রতিপন্ন করছে বলে তারা দাবি করেন।
