২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকের বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বুধবার ১,৪৯০ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে বৈদেশিক সহায়তার পরিমাণ ৩৬৭ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নগরীর এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরে একনেকের পঞ্চম বৈঠকে এ সকল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং একনেকের বিকল্প চেয়ারম্যান এম সাইফুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, অনুমোদিত প্রকল্পের মধ্যে সাতটি সরকারি এবং বাকি তিনটি ডেনিশ ও সৌদি সরকারের অর্থায়নভূক্ত।

বৈঠকে অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে ২০৬ কোটি টাকা ব্যয়ে রাজধানীর চারটি কাঁচাবাজার ঢাকার বাইরে স্থানান্তর, ৩৯ কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গার তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২৫০ শয্যাবিশিষ্ট চক্ষু হাসপাতাল (সংশোধিত) নির্মাণ, ৫০ শয্যার জাতীয় ক্যান্সার হাসপাতালকে ৩০০ শয্যায় রূপান্তরিত এবং গ্রামীণ সড়ক ও বাজার অবকাঠামো উন্নয়ন।

অর্থমন্ত্রী বলেন, রাজধানীর উপর চাপ কমাতে ঢাকার চারটি কাঁচাবাজার ঢাকার বাইরে স্থানান্তর করা হবে।

বৈঠকে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ ব্যবস্থা প্রকল্পটি অনুমোদন পায়নি। 

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, পরিকল্পনা সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ ও উর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।