২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের দুই বছর পরও পার্বত্য চট্টগ্রামে প্রকল্পের কাজ শুরু হয়নি

পার্বত্য চট্টগ্রামে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষরের দুই বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও এর কাজ শুরু করেনি চীনের একটি কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ইআরডির এক কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে জানান, ২০০৪ সালে স্বাক্ষরিত ওই চুক্তির ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে ডিজিটাল রেডিও লিঙ্ক ও ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের কথা থাকলেও চীনের মেসার্স নিমবো সাকসেস ইনফরমেশন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামের কোম্পানিটি এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কোম্পানিটির পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৭০ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামে ডিজিটাল রেডিও লিঙ্ক ও ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের জন্য চীনা কোম্পানিটির সাথে ২০০৫ সালের ২০ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

গত সপ্তাহে ঢাকায় চীনা দূতাবাসে পাঠানো এক চিঠিতে ইআরডি জানায়, ২০০৪ সালের ২৫ জুলাই অর্থ বিভাগ থেকে ওই প্রকল্পের বাস্তবায়নের জন্য ঋণ সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়। প্রকল্পের কাজ শুরুর জন্য ২০০৫ সালের ২৫ এপ্রিল কোম্পানিটিকে প্রাথমিক পর্যায়ে অর্থ বরাদ্দও দেওয়া হয়। ২০০৫ সালের মে মাস থেকে ঋণ চুক্তিটি কার্যকর হয়।

ওই চিঠিতে ইআরডি কোম্পানিটিকে প্রকল্পের কাজ শুরু ও যথাসময়ে শেষ করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে চীনা দূতাবাসের প্রতি আহ্বান জানায়।

চিঠিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, চীনা কোম্পানিটি দুই বছরে প্রকল্পের প্রাথমিক কাজ, যেমন প্রকল্প স্থল জরিপ, সিস্টেম ডিজাইন ইত্যাদির কাজও শুরু করেনি।

এ প্রসঙ্গে ইআরডির উপ--সচিব রওনক জাহান বিডিনিউজ২৪ডটকমকে জানান, আমরা যোগাযোগ প্রক্রিয়া শুরু করেছি। আমরা চেষ্টা করছি এবং এ বিষয়ে চীনা সরকারকে অবহিত করতে একটি চিঠিও পাঠিয়েছি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানান, এ বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মন্ত্রণালয়ে একটি বৈঠকও হয়েছে।