২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি লক্ষ্যমাত্রা বাড়াতে বার্লিন ও ওয়াশিংটন মিশনের ওপর গুরুত্ব আরোপ

চলতি অর্থবছরের রপ্তানি বাড়াতে বার্লিন, ওয়াশিংটন, রোম ও মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ মিশনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মন্ত্রণালয় সেপ্টেম্বর মাসে গত অর্থবছরের মিশনওয়ারি রপ্তানির পরিমাণ ও লক্ষ্যমাত্রা এবং সার্বিক রপ্তানি পরিস্থিতির ভিত্তিতে চলতি বছরের লক্ষ্যমাত্রার বিভাজন নির্ধারণ করেছে।

তবে উন্নত দেশগুলোর প্রচলিত বাজার ছাড়াও মিশনওয়ারি রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে নয়াদিল্লি, হংকং, সিঙ্গাপুর ও রিয়াদ মিশনের ওপরও জোর দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে বার্লিন মিশনে রপ্তানি লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আয় ধরা হয়েছে সর্বোচ্চ। গত অর্থবছরের আয়ের তুলনায় এ লক্ষ্যমাত্রা ২৫.১৮ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২২৭ কোটি মার্কিন ডলারে। ওই সময় বার্লিন মিশনের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ১৫০ কোটি মার্কিন ডলার।

অন্যদিকে গত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ওয়াশিংটন মিশনের এবারের লক্ষ্যমাত্রা ৩৬৭ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। ওয়াশিংটন মিশনের অন্তর্ভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও চিলি।

রোম ও মাদ্রিদ মিশনের এ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪৮ কোটি ডলার ও ৪৮ কোটি ৫০ লাখ ডলার।

নাম প্রকাশে অনিচ্ছুক রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক কর্মকর্তা জানান, বাংলাদেশের ৪৪টি মিশনের মধ্যে গত অর্থবছরে ২২টি মিশনের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। বাকিগুলো লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

কমার্শিয়াল উইং বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ অর্জিত হয় সেসব মিশন থেকে যেখানে কমার্শিয়াল উইং রয়েছে।

এদিকে গত অর্থবছরের আয়ের তুলনায় এ অর্থবছরের নয়াদিল্লী মিশনের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ডলার।

হংকং ও সিঙ্গাপুর মিশনের এ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৩৭ শতাংশ ও ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ কোটি ও ১৩ কোটি ডলারে। রিয়াদ মিশনের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে সাত কোটি ডলার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত অর্থবছরে ১৬টি কমার্শিয়াল উইংয়ের মধ্যে নয়টি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। তবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়া সাতটি কমার্শিয়াল উইংয়ের মধ্যে ওয়াশিংটন, প্যারিস, বেইজিং ও মস্কোর ২০০৫-০৬ অর্থবছরের রপ্তানি আয় তার আগের বছরের তুলনায় বেড়েছে।

চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা সবচেয়ে কম বেড়েছে তেহরান, সিউল ও ক্যানবেরা মিশনের ক্ষেত্রে।