এমবিএ ক্লাবের নেতৃত্ব বিষয়ক আলোচনা: নেতৃত্বের গুণাবলী অর্জনের প্রতি গুরুত্বারোপ
এমবিএ ক্লাবে আয়োজিত নেতৃত্ব বিষয়ক আলোচনা সভায় সোমবার বক্তারা বলেছেন, বিনয়ী নেতৃত্বের অনন্য গুণাবলী অর্জন নবীন পেশাজীবীদের তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বা প্রতিষ্ঠানে সাফল্য অর্জনে সহায়তা করবে।
এমবিএ ক্লাবের এ আলোচনায় সিটিগ্র“পের কান্ট্রি অফিসার (বাংলাদেশ) মামুন রশিদ বলেন, বাংলাদেশের রাজনীতি এবং ব্যবসায়িক ক্ষেত্রে নেতৃত্বের শূন্যতা রয়েছে।
তিনি বলেন, একজন বিনয়ী নেতার গুণাবলী অর্জন পেশাজীবীদের তাদের সংশ্লিষ্ট সংস্থায় অবদান রাখতে সাহায্য করে।
তিনি বলেন, একটি সংস্থার প্রত্যেক সদস্য যদি নিজেদের একই সাথে শিক্ষক ও শিক্ষার্থী মনে করেন, তবে তা নেতৃত্ব সৃষ্টিতে সহায়ক হবে।
মামুন রশিদ বলেন, ইতিবাচক ভাবনা, দৃষ্টিভঙ্গির প্রসারতার সাহায্যে প্রত্যাশা বৃদ্ধি এবং অনন্য উদাহরণ সৃষ্টির উদ্যোগ পেশাজীবীদের নেতৃত্ব অর্জনে সহায়তা করতে পারে।
জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নবীন পেশাজীবীদের সঙ্গে ব্যবসায়িক ও স্থানীয় নেতৃবৃন্দের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এমবিএ ক্লাব এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লাক্সোস্মিথক্লাইন’র ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হক। আলোচনা সভায় স্থানীয় ও বিদেশী কোম্পানির প্রায় একশ’ পেশাজীবী অংশ নেন।
‘ব্রেকিং দ্য ব্যারিয়ার্স’ কর্মসূচির পরিচালক এম জাহাঙ্গীর কবির বলেন, নবীন পেশাজীবীরা যাতে বিশ্বের কর্পোরেট সংস্থার কর্মপরিবেশ সম্পর্কে ধারণা লাভ করতে পারে, সেজন্যে তাদের নেতৃত্বের গুণাবলী অর্জন করা গুরুত্বপূর্ণ।
