এপ্রিলে জার্মানিতে অনুষ্ঠিত হবে দেশের নিট পণ্যের একক মেলা
আগামী এপিল মাসে জার্মানিতে দেশের নিট পণ্যের একক মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সূত্র জানিয়েছে, বিকেএমইএ- এর নির্বাচনের পরই এ মেলা অনুষ্ঠিত হবে।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক সোমবার বিডিনিউজকে বলেন, দেশের একক বৃহত্তম নিটওয়্যার বাজার হওয়ার পর জার্মানিতে এখনও বাজার সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। ফলে জার্মানিতে একক মেলার ম্যাধ্যমে বাজার সম্প্রসারণ ঘটবে।
সূত্র জানায়, জার্মানির ‘ফ্রাঙ্কফুট’ বা ‘ডুসেলডরফ’ শহরে এ মেলা অনুষ্ঠিত হবে। অবশ্য এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
ফজলুল হক বলেন, জার্মানিতে বড় বাজার প্রাপ্তির কারণে এ ধরনের মেলায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ গড়ে উঠবে। ফলে বাজার সম্প্রসারণ অনেক সহজ হবে।
সূত্র জানায়, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন মন্ত্রণালয়ের বাস্তবায়ন এজেন্সি জিটিজে মেলা আয়োজনে সহায়তা করবে।
সূত্র আরো জানায়, মেলায় অংশগ্রহণকারীরা জার্মানিতে যাওয়া ও থাকার ভাড়া নিজেরাই বহন করবে।
বিকেএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের নিট পণ্যেরে বড় ক্রেতা ’কারসটাড কুয়েল’ ইতোমধ্যে আমাদের আশ্বাস দিয়েছে, আগামী বছরে তাদের আমদানি এ বছরের থেকে ৫০ শতাংশ বাড়াবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র হিসেব অনুযায়ী, দেশের একক বৃহত্তম নিট পণ্য রপ্তানিকারক জার্মানি গত অর্থবছরে আমদানি করে ৬৭ কোটি ডলার।
রপ্তানি বিশ্লেষণে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধা কার্যকর হওয়ার পর গত দুই অর্থবছরে নিট পণ্য দ্বিগুনের বেশি রপ্তানি হয়ে জার্মানির অবস্থান দাঁড়ায় একক বৃহত্তম। যদিও এসময় জার্মানিতে একই হারে ওভেন রপ্তানি বাড়তে থাকলেও ২০০৫ সালের প্রথম ছয়মাসে প্রায় ২০ শতাংশ হ্রাস পায়।
