২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুব শিগগিরই সরকার ৩০০ মিলিয়ন ডলার মূল্যের জ্বালানি তেল আমদানি করতে যাচ্ছে

চলতি বোরো মৌসুমে দেশের জ্বালানি চাহিদা পূরণ করতে সরকার শিগগিরই ৩০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের জ্বালানি তেল আমদানি করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সম্ভাবনার কারণে দেশজুড়ে চলমান জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে রোববার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক থেকে বেরিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের জানান, তেল আমদানি করার লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অর্থ সংগ্রহ করতে বাংলাদেশ ব্যাংককে ইতোমধ্যে জানানো হয়েছে।

সাইফুর রহমান বলেন, প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি করতে আমাদের যথেষ্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। ব্যাংকগুলো থেকে অর্থ যোগাড় করতে আমি ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছি।

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যর মধ্যে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পিডিবি’র উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, দুই মাসের জন্যে জ্বালানি তেল আমদানি করতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যোগাড় করা হবে। রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংকগুলোর পাশাপাশি এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মত বেসরকারি ব্যাংকগুলো তেল আমদানির জন্যে অর্থের যোগান দিতে রাজি হয়েছে।

বিপিসি’র লোকসান সম্পর্কে মাহমুদুর রহমান বলেন, চোরাচালান ও সিস্টেম লস কমিয়ে আনার মত কিছু কৌশল ব্যবহার করে জ্বালানি ক্ষেত্রে লোকসান পুষিয়ে নেয়া হবে।

তিনি বলেন, দেশে এখন কোনও জ্বালানি সংকট নেই এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়া হয়নি।