২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকে বাংলাদেশের পিআরএসপি অনুমোদিত

বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) অনুমোদন করেছে। সংশ্লিষ্ট সূত্র রোববার এ খবর জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

অথনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের কাছে পাঠানো এক পত্রে ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস জানায়, দারিদ্র্য বিমোচন তরান্বিতকরণে জাতীয় কৌশল (এনএসএপিআর) প্রণয়নের ক্ষেত্রে গুণগত মান ও বিষয়বস্তুর জন্যে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের প্রায় সবাই বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

ওই পত্রে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিাচালক জাকির আহমেদ খানের উদ্ধৃতি দিয়ে পিআরএসপি’র অনুমোদন সম্পর্কে ইআরডি'কে অবহিত করা হয়েছে।

বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) মতো বহুপাক্ষিক দাতাসংস্থার সহযোগিতা পাওয়ার জন্যে পিআরএসপি একটি গুরুত্বপূর্ণ দলিল। গত ২০০৩ সাল থেকে পিআরএসপি প্রণয়নের কাজ শুরু হয়।

গত ১৬ অক্টোবর সরকার ‘সম্ভাবনার উন্মোচন: দারিদ্র্য বিমোচন তরান্বিত করণে জাতীয় কৌশল’ শীর্ষক চূড়ান্ত দলিলটি অনুমোদন করে। এতে প্রতিবছর দারিদ্র্য দূরীকরণের হার তিন দশমিক তিন শতাংশ কমিয়ে আনার মাধ্যমে ২০১৫ সাল নাগাদ এ হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উল্লেখ্য, বর্তমানে এ লক্ষ্যমাত্রা রয়েছে মাত্র এক দশমিক পাঁচ শতাংশ।

রোববার ইআরডি’র একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বিস্তারিত পর্যালোচনা শেষে বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পিআরএসপি অনুমোদন করে।

তিনি আশা প্রকাশ করেন, এ অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের জন্যে বিশ্বব্যাংকের মতো অন্যান্য দাতাসংস্থাগুলোর সহযোগিতার পথ সুগম হবে।  

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, পিআরএসপি বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।

জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে জিইডি পিআরএসপি প্রণয়ন করে। জাতীয় দারিদ্র্যের ওপর গুরুত্বারোপ করে প্রণীত পিআরএসপি বাস্তবায়নের বিষয়টি জিইডি’র পর্যবেক্ষণ ও মূল্যায়নের আওতায় থাকবে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, পিআরএসপি বাস্তবায়নে আলাদা কোনও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে না। অন্যান্য প্রকল্পের মতোই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো পিআরএসপির সাথে সঙ্গতি রেখে প্রকল্পের কাজ শুরু করবে।

পিআরএসপিতে যে আটটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো, কর্মসংস্থান বৃদ্ধি, পুষ্টির মানোন্নয়ন, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, স্যানিটেশন ও পানীয় জল,  সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও পর্যবেক্ষণ।