২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সার্ক ইকো-ট্যুরিজম ইয়ার ২০০৬’ উদযাপনের পরিকল্পনা চূড়ান্ত

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের ঢাকা ঘোষণা অনুযায়ী ‘সার্ক ইকো-ট্যুরিজম ইয়ার ২০০৬’ উদযাপন করতে বাংলাদেশ সরকার পরিকল্পনা চূড়ান্ত করেছে। সরকারি সূত্রে এ খবর জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) মাহফুজুল হক শনিবার বিডিনিউজকে জানান, ২০০৫ সালের ১২--১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের ঢাকা ঘোষণায় উল্লেখিত কর্মসূচি উদযাপন করতে আমরা আমাদের পরিকল্পনা চূড়ান্ত করেছি।

তিনি বলেন, ২০০৫ সালে তিন লাখ পর্যটক বাংলাদেশ সফর করেছিল। চলতি বছরে পর্যটকের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, মার্চে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঢাকায় একটি পর্যটন রাতের আয়োজন করবে। অপরদিকে পর্যটন বিষয়ক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর একই মাসে একটি ভ্রমণ মার্টের আয়োজন করবে। সেখানে বেসরকারি ভ্রমণ পরিচালনা প্রতিষ্ঠান বিভিন্ন ভ্রমণের আয়োজন করবে।

তিনি জানান, চলতি বছরের প্রথমার্ধে ঢাকায় সার্ক পর্যটন মন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি।

তিনি বলেন, বেসরকারি ভ্রমণ পরিচালনা প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সার্ক অঞ্চলে বিনিময় কর্মসূচির আয়োজন করবে।

তিনি বলেন, একটি মাউন্টেন-সী প্রোগ্রাম চালু করতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিকল্পনা করছে। উল্লেখিত প্রোগ্রামের আওতায় নেপালের হিমালয় ভ্রমণকারী পর্যটকদের বঙ্গোপসাগর ভ্রমণ করতে উৎসাহী করা হবে।

তিনি বলেন, ইউরোপের পর্যটকদের আকর্ষণ করতে একটি কৌশল নির্ধারণ করতে সরকার চেষ্টা করবে। ভারত ভ্রমণে আসা পশ্চিমা পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ করতে আমরা আমন্ত্রণ জানাবো।

তিনি জানান, ঢাকায় একটি সার্ক অঞ্চলে ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সম্মেলন ও একটি পর্যটন উৎসবের আয়োজন করা হবে।

তিনি আরো জানান, পর্যটকরা ভ্রমণের ক্ষেত্রে সাধারণত একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা, সুযোগ--সুবিধা ও অবকাঠামোগত বিষয়াদি বিবেচনায় রাখে। আমরা যদি আমাদের নিজস্ব পর্যটকদের ভ্রমণের মাত্রা বৃদ্ধি করতে পারি তাহলে সেটি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেও সক্ষম হবে।