জনতার আন্দোলনে সোনামসজিদ স্থল বন্দরে আমদানি বাধাগ্রস্ত
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে আটজন নিহত হওয়ার প্রতিবাদে উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় যান চলাচলে বাধা সৃষ্টি করায় সোনামসজিদ স্থল বন্দরে পচনযোগ্য মালামাল নিয়ে একশ’র মত ট্রাক ঠাঁই দাঁড়িয়ে থাকায় এ বন্দর দিয়ে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে।
সোনামসজিদ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রশিদ বিডিনিউজকে জানান, আমদানিকৃত পণ্য সরবরাহ করতে আমরা ব্যর্থ হচ্ছি। টানা পাঁচদিন ধরে আটকে থাকা ট্রাকের মালামালের প্রায় ৫০ শতাংশ হচ্ছে পচনযোগ্য। মালামালের মধ্যে রয়েছে চাল, পেঁয়াজ, আদা ও ফলমূল।
বিডিনিউজ স্থানীয় সংবাদদাতা জানান, ২৩ জানুয়ারি কানসাটে পুলিশ নির্বিচারে গুলি করে আটজনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভরত শিবগঞ্জ উপজেলার উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ--সোনা মসজিদ মহাসড়কের দোহা বাজারের রাস্তায় গাছ ফেলে ও কালভার্ট ভেঙ্গে রাস্তায় যান চলাচলে বাধা দেয়।
হত্যার প্রতিবাদে পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম কমিটি ওই এলাকায় ২৭ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছে।
আশরাফুল আলম রশিদ জানান, বন্দরে একশ’র মত ট্রাক স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় প্রশাসন ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করলেও স্থানীয়দের বাধার মুখে তারা তা করতে পারেনি।
তিনি জানান, ভারত থেকে আমদানিযোগ্য পণ্য নিয়ে ১৫০টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।
তিনি আরো জানান, আগে থেকেই আমদানিকৃত মালামালে গুদামঘরগুলো পূর্ণ থাকায় বন্দরে আটকে পড়া ট্রাকের মালামাল সংরক্ষণ করে রাখতে কোন গুদাম পাওয়া যাচ্ছে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস শাখার সদস্য এটিএম সরোয়ার হোসেন বিডিনিউজকে জানান, স্থানীয় প্রশাসন রাস্তা থেকে ব্যারিকেড অপসারনের চেষ্টা করছে।
তিনি বলেন, সোনামসজিদ স্থল বন্দরে অচলাবস্থা দেখা দেওয়ায় আমদানিকারকরা তাদের মালামাল এখন বুড়িমাড়ি ও হিলি স্থল বন্দর দিয়ে আমদানি করার চেষ্টা করছেন।
তিনি জানান, উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান করা হবে।
